চট্টগ্রামের হালিশহর টোল রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মা ও তার শিশুকন্যা মারা গেছেন। মেয়ের বাবার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানচাপায় আরও দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পিকআপের ধাক্কায় নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকায় আরও এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে পরিবার নিয়ে হালিশহরের টোল রোড হয়ে পতেঙ্গার দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ থেকে ৯ বছরের একটি কন্যাশিশু ঘটনাস্থলেই মারা যায়। শিশুর মা-বাবাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মায়েরও মৃত্যু হয়। বাবার অবস্থাও আশঙ্কাজনক। তারা পরিবার মিলে টোল রোড দিয়ে পতেঙ্গার দিকে যাচ্ছিলেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। ট্রাক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মনির চৌধুরী (৫০) ও মো. জিয়াউর রহমান (৪০) নামে দুজনের মৃত্যু হয়েছে। সকাল ৯টায় সীতাকুণ্ডের বাংলাবাজার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সকালে একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তা ছাড়া নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকায় পিকআপের ধাক্কায় মো. রাফা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রাফা মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
এমএ/