চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি ভবনের দারোয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ফোরকান উদ্দীন (৩৭) ও মো. মামুন মিয়া (৩৮)।
জানা গেছে, নগরের চান্দগাঁও থানার বাস টার্মিনাল এলাকার ছিদ্দিক ম্যানশনে দারোয়ানের কাজ করতেন শহীদুল্লাহ। ওই ভবনের মালিক মো. আবু ছিদ্দিক ও তার ছেলে দেশের বাইরে থাকেন। রমজানে তারা দেশে আসেন। মালিকের শ্যালক ফোরকান উদ্দীন নিহত শহীদুল্লাহকে দারোয়ান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। গত ৭ এপ্রিল ভোরে চুরির অপবাদ দিয়ে ওই দারোয়ানকে মারধর করেন বাড়ির মালিক, শ্যালক ও অন্যান্যরা। একপর্যায়ে তার মৃত্যু হলে কৌশলে তার স্বজনকে ডেকে মরদেহ বাঁশখালী গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে মরদেহ গোসলের জন্য নিলে শরীরের নানা স্থানে জখমের চিহ্ন দেখতে পায় স্বজনরা। পরে তারা বিষয়টি বাঁশখালী থানায় জানায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, বাঁশখালী থানা বিষয়টি আমাদের জানায়। পাশাপাশি নিহত দারোয়ানের বোন মরিয়ম বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে আমরা গত ৭ এপ্রিল রাতে খাজা রোডের একটি বাসা থেকে ওই ভবনের মালিকের শ্যালক ফোরকানকে ও বাসস্ট্যান্ড থেকে আরও একজনকে গ্রেপ্তার করি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইফতেখার/জোবাইদা/অমিয়/