নড়াইলে বাসনা মল্লিক (৫০) নামে এক সংরক্ষিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তার ছেলে রিংকু মল্লিক বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- দৌলতপুর গ্রামের ফারুক মোল্লা (৫০), রাজিবুল মোল্লা (৩০), চঞ্চল মোল্লা (৩৫) ও শফিকুল মোল্লা (৩৩)। মামলায় এক-দুইজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর আগে, শনিবার ভোরে মাগুরার হরিশপুর এলাকা থেকে ফারুক মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ফারুক মোল্লা নামে একজনকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
মামলায় অভিযোগ করা হয়, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ ওয়ার্ডের নারী সদস্য বাসনা গত মঙ্গলবার টিসিবির মালামাল বিতরণ শেষে বিকেলে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুল ফোনে ডেকে পাওনা টাকা নিয়ে যেতে বলে। মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্লার বাড়িতে গেলে ফারুকসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বললে হুমকি-ধমকি দিলে তার মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে। বাড়িতে ফিরে ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে পরদিন বুধবার তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার যশোর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়। রাতেই সৎকার করা হয়।
শরিফুল/জোবাইদা/