মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমান।
এর আগে, গতকাল (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত পাঁচ আগস্টের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তের জন্য পুলিশ কাজ করছিল। অবশেষে ধানমন্ডিতে তার অবস্থান নিশ্চিত করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আমান উল্লাহ জানান, গ্রেপ্তারের পর তাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই এবং ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এই মামলাগুলো করা হয়।
আসাদ/তাওফিক/