স্মার্টফোনে দিনভর চার্জ না থাকার সমস্যা প্রযুক্তিপ্রেমীদের অন্যতম বড় একটি চিন্তার কারণ। এই সমস্যা সমাধানে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি।
ভিভো জানিয়েছে, একবার ফুল চার্জে ফোনটিতে টানা ১০ ঘণ্টা পাবজি গেম খেলা, সাড়ে ১৩ ঘণ্টা নেভিগেশন এবং ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। দীর্ঘ সময় ব্যবহারের পরও এতে প্রায় ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকে। বড় ব্যাটারির পাশাপাশি এতে রিভার্স ও বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। এছাড়া এর রয়েছে ৬ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি হেলথ গ্যারান্টি।
দৃষ্টিনন্দন ডিজাইনের ভিভো ওয়াই৫০০ ফোনে রয়েছে ১.৩৫ মিলিমিটার আল্ট্রা-ন্যারো বেজেলের ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। চোখের সুরক্ষায় রয়েছে আই প্রোটেকশন মোড। মসৃণ ও গতিশীল পারফরম্যান্সের জন্য এতে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর দেওয়া হয়েছে, যার আনটুটু স্কোর ৬ লাখ ৮০ হাজার।
ফোনটি পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। পানির নিচে ছবি তোলার জন্য এতে আইপি৬৯ রেটিং এবং সুরক্ষার জন্য অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। সাথে আছে অরিজিন ওএস ৬ এবং এআই ইরেজ ২.০ ফিচার।
বাংলাদেশে ভিভো ওয়াই৫০০ স্মার্টফোনটি দুটি ভিন্ন সংস্করণে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা। গত ৮ জুলাই থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য ভিভো ও মিনিসোর বিশেষ গিফট সেট রয়েছে।