টাঙ্গাইলের দেলদুয়ারে ১৩ বছর বয়সের এক মাদরাসাশিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. হুমায়ুন মিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামে ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত মো. হুমায়ুন মিয়া ওই গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে।
ভিকটিমের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী টয়লেটে যাওয়ার সময় হুমায়ুন জোরপূর্বক টেনে নিয়ে তার বাড়ীর পাশে নিজ মুরগীর খামারের খাদ্য রাখার ছাপড়া ঘরে ধর্ষণ করেছে। ঘটনার পর ধর্ষকের বড় ভাই গ্রাম্য মাতাব্বর আযম সামাজিকভাবে মীমাংসা দেওয়ার আশ্বাস দেন। কিন্তু মীমাংসা না দিয়ে উল্টো মামলা না করার জন্য ভয়ভীতি দেখান। এ ছাড়া ধর্ষকের ভাতিজা ওয়াছি ও আসাদ ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাড়িয়ে থাকে যাতে অভিযোগ দিতে কেউ থানায় না যেতে পারে।
শনিবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহকালে হুমায়ুনের পরিবারের কোনো পুরুষ সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। জানা গেছে, অভিযুক্ত ও ভিকটিম সম্পর্কে প্রতিবেশি দাদা-নাতনি।
এ ব্যপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুল হক হাওলাদার বলেন, অভিযোগের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
জুয়েল/মেহেদী/