কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৭ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শহরের দড়িপাড়া এলাকায় প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলন করে পরীক্ষার্থীরা। এ সময় প্রধান ফটকে তালা লাগানো ছিল। কলেজটির অধ্যক্ষসহ কর্তৃপক্ষের কেউই উপস্থিত ছিল না।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, জামালপুর শহরে কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয় প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তবে কলেজটি এখনো এমপিও ভুক্ত হয়নি। সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জেলার অনুমতিপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেন। কলেজটির অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম এভাবে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এ বছর ১৭০ জন এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ বাবদ ১০ হাজার টাকা করে নেওয়া হয়। তবে ১৫৩ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পেলেও ১৭ জন পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড কিছুই পায়নি। এ ঘটনায় গতকাল সকাল থেকে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে।
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘যারা পরীক্ষা দিতে পারছে না, তারা অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এ কলেজে ভর্তি হয়েছিল। ভর্তির সময় তারা কেউই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে আসেনি। এ বিষয়ে তাদের একাধিকবার বলা হয়েছে। তবে তারা কেউই সে বিষয়ে কর্ণপাত করেনি। ১৭ জন শিক্ষার্থী তাদের আগের কলেজ থেকে টিসি এনে আমাদের কলেজে জমা দিতে না পারার কারণে তাদের রেজিস্ট্রেশন করা যায়নি।’
এই বিষয়ে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারার বিষয়টি আমি গণমাধ্যমকর্মীদের কাছ থেকেই জানতে পেরেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’