ফরিদপুরের সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর এলাকায় এক নারীকে (২৫) ধর্ষণের দায়ে ৪ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামীমা পারভিন এই রায় প্রদান করেন।
একই সাথে তাদের প্রত্যেকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এই রায় প্রদান করা হয়। এ সময় একজন বাদে সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেল হাজতে নেওয়া হয়।
আসামিরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর বেপারী (৩৭) (পলাতক), কামরুল মৃধা (৩৭), আলী বেপারী (৪২), ও বক্কার ব্যাপারী (৬৭)।
এই মামলার আলামত নষ্ট করার দায়ে মমতাজ বেগম এবং আবুল কালাম বেপারী নামে দুই জনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
সঞ্জিব দাস/এসএন