ফরিদপুরের সালথায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ূম মোল্যা (৪২) নামে একজনকে আটক করেছে সালথা থানা পুলিশ। ধর্ষণের কারণে মানসিক প্রতিবন্ধী ওই নারী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা।
শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া সাধুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাইয়ুম মোল্যা স্থানীয় রোকন মোল্যার পুত্র এবং দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন মানসিক প্রতিবন্ধী এক নারীকে কাইয়ুম মোল্যা তার বাড়ির পাশে পুকুর পাড়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এরপর প্রতিবন্ধী নারীর শারীরিক পরিবর্তন দেখা দিলে জিজ্ঞাসাবাদে সে কাইয়ুম মোল্যার কথা জানায়। ঘটনা শুনে নারীর পরিবার থানায় এজাহার দিলে পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বর্তমানে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলু রহমান খান জানান, মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সঞ্জিব দাস/এসএন