রাজবাড়ীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু সাঈদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার রাতে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাইদ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলদিপুর গ্রামের মোহাম্মদ শহীদের ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি তারিখে ওই শিশু তার চাচাতো বোনের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে থাকা গাছ থেকে বরই পাড়তে যায়। ওই সময় সাইদ সেখানে গিয়ে শিশুর চাচাতো বোনকে কৌশলে বাড়ি পাঠিয়ে দেয়। শিশুটি সেখানে একাকী ছিল। এ সুযোগে সাইদ তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য শাসিয়ে যায়। শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানতে চায়। তখন শিশুটি সব খুলে বলে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আবু সাইদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, রাজবাড়ী সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় আনার জন্য র্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
এর ভিত্তিতে র্যাব-১০ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগিতায় ঢাকার বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাইদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করেছে। সোমবার তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুমন/মাহফুজ