মেহেরপুরের গাংনীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শাকিল আহমেদ (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ উপজেলার রামনগর গ্রামের বাগানপাড়া এলাকার মইদুল ইসলামের ছেলে।
শনিবার (২ মে) বেলা ১২টায় গাংনী থানাধীন বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল রামনগর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, শাকিলের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই ছাত্রী গত ২ এপ্রিল সকালে মাদ্রাসাতে পড়তে যাচ্ছিল। পথের মধ্যে তাকে জোর করে মুখ চেপে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি বাঁশ বাগানে ধর্ষণের চেষ্টা চালায় শাকিল। এসময় ওই শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সে পালিয়ে যায়।
এঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন শাকিল আহমেদ।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শাকিলকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে।
তারেক হোসেন/এসএন