অপরাধীর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই, অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নবাগত পুলিশ সুপার বলেন, অপরাধীদের কোনো দল বা পরিচয় নেই। এমনকি পুলিশ বিভাগের কেউ যদি অপরাধ করে, তবে তার পোশাক না দেখে নিরপেক্ষ তদন্ত করা হবে।
জনগণের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা ও চাঁদাবাজি না হয়, তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের।
সভায় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এছাড়া সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ শক্ত অবস্থানে থাকবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
জাকির হোসেন/অন্তরা