ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’ নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরলো ফেরি যুক্তরাষ্ট্রে গুগলের প্রযুক্তিবিদকে গুলি করে হত্যা করলেন স্বামী কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে জমির উদ্দিনের মৃত্যু: সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এক কূপের পানিতে ১৪০০ বছরের সদকা প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪ সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার হরমুজ প্রণালী বন্ধের পর ইরানে মার্কিন বিমান হামলা ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন বায়ুদূষণ সচেতনতায় স্বীকৃতি পেলো দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন তিন গুণ বাড়িয়েছে ইরান টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২ সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু দুই বছরে ৩৬০টি পোশাক কারখানা বন্ধ বন্যায় বাড়ছে দুর্ভোগ স্পেনের সামনে আবার বিশ্বজয়ের হাতছানি ঘাম ঝড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

২১ মাসে ১৪১ কারখানা বন্ধ, সংকটে সাভার-আশুলিয়ার শ্রমিকরা

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:১৯ এএম
আপডেট: ২৫ মে ২০২৬, ১০:৪০ এএম
২১ মাসে ১৪১ কারখানা বন্ধ, সংকটে সাভার-আশুলিয়ার শ্রমিকরা
ছবি: সংগৃহীত

একসময় রাত-দিন শ্রমিকদের পদচারণায় মুখর থাকত সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। সকাল হলেই কারখানামুখী মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে উঠত সড়ক। আর সন্ধ্যা নামলেই বাজার, দোকানপাট ও বাসাবাড়িতে ফিরত প্রাণচাঞ্চল্য।

কিন্তু গত প্রায় ২১ মাসে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এই সময়ে স্থায়ী ও অস্থায়ীভাবে ছোট-বড় ১৪১টি কারখানা বন্ধ হয়েছে। ফলে বেকারত্ব আর অনিশ্চয়তার মাঝে জীবন কাটাচ্ছে এই এলাকার হাজারও শ্রমিক পরিবার। এর প্রভাব পড়েছে ব্যবসায়ীদের মাঝেও।

শিল্প পুলিশ ও স্থানীয় শ্রমিক সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এ পর্যন্ত সাভার ও আশুলিয়ায় মোট ১৪১টি কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে ১২২টি কারখানা স্থায়ীভাবে ও ১৯টি অস্থায়ীভাবে বন্ধ রয়েছে। এতে প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ হারিয়েছেন।

বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড, ছেইন অ্যাপারেলস লিমিটেড, নাসা গ্রুপ, বার্ডস গ্রুপ ও গোল্ড ট্যাক্স গার্মেন্টস লিমিটেডসহ আরও অনেক প্রতিষ্ঠান।

কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমিকরা। দীর্ঘদিন চাকরি না পেয়ে অনেকেই পেশা বদল করতে বাধ্য হয়েছেন। কেউ ভাসমান ব্যবসায়ী, কেউ রাজমিস্ত্রির জোগালি, আবার কেউ রিকশা বা অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। অনেকে এলাকায় টিকে থাকতে না পেরে গ্রামে ফিরে গেছেন।

বন্ধ নাসা গ্রুপের পোশাকশ্রমিক আলেয়া আক্তার কয়েক মাস ধরে বেকার। তিনি বলেন, ‘বিভিন্ন কারখানায় ঘুরেও কাজ জুটছে না। আগে স্বামী-স্ত্রী দুজনের আয় দিয়ে সংসার ভালোই চলত। এখন স্বামী রাজমিস্ত্রির জোগালির কাজ করে কোনোরকমে সংসার চালাচ্ছে। গত ঈদে সন্তানদের নতুন পোশাক কিনে দিতে পারিনি। ভালো খাবারও খাওয়াতে পারিনি। এবার কোরবানির ঈদও হয়তো একইভাবে কাটবে।’

আশুলিয়ার একটি সোয়েটার কারখানায় অপারেটর পদে কাজ করতেন শাহজাহান মিয়া। কয়েক মাস আগে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় এখন তিনি অটোরিকশা চালান। আক্ষেপ করে তিনি বলেন, ‘কারখানায় কাজ করে ভালো আয় ছিল, সম্মানও ছিল। এখন রিকশা চালিয়ে সংসার চালাতে হয়। আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাতে লজ্জা লাগে। আগে সহকর্মীদের সঙ্গে ভাগে কোরবানি দিতাম। গত বছর পারিনি, এবারও পারব না।’

কারখানা বন্ধের কিছুটা প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। সাভারের কলমা এলাকার ফার্মেসি ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ‘আগে মাসে দোকান থেকে লাখ টাকার মতো আয় হতো। এখন সেটা ৩০ থেকে ৩৫ হাজার টাকায় নেমে এসেছে। আমার দোকানের প্রধান ক্রেতাই বিভিন্ন গার্মেন্টস কারখানার কর্মীরা। শ্রমিক কমে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখা এখন কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে ব্যবসার পাশাপাশি একটি ডেভেলপার কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি নিয়েছি।’

একই অবস্থা স্থানীয় অনেক বাড়িওয়ালাদেরও। আশুলিয়ার গাজীরচট এলাকার বাড়িওয়ালা সাইদুল ইসলাম বাবু বলেন, ‘আমার বাড়ির ৩০টি রুমের সব ভাড়াটিয়াই ছিল গার্মেন্টস শ্রমিক পরিবার। আগে কখনো ঘর খালি থাকত না। এখন কিছু কক্ষ ফাঁকা পড়ে আছে। ভাড়া ৫০০ টাকা কমিয়েও কাঙ্ক্ষিত ভাড়াটিয়া পাওয়া যাচ্ছে না।’

এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন বলেন, ‘এই শিল্পাঞ্চলে একটার পর একটা কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা চরম সংকটে পড়েছেন। অনেকে গ্রামে চলে গেছেন, অনেকে পেশা বদল করেছেন। আবার কাজ না পেয়ে কেউ কেউ বিপথেও যাচ্ছেন। এর থেকে উত্তরণের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে কর্মহীন শ্রমিকদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আর্থিকসংকট, লে-অফ, কাজের অভাব ও উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে না পারায় ২০২৪ সালের ৫ আগস্টের পর সাভার এবং আশুলিয়ায় ১৪১টি কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ১২২টি কারখানা স্থায়ীভাবে ও ১৯টি অস্থায়ীভাবে বন্ধ রয়েছে।’

কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম
কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারে মেহমানের জন্য রান্না করার সময় পাহাড়ধসে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাতলী ঝিরঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে।

রোজিনা আক্তার (৩২) ওই এলাকার মুজিবুর রহমানের স্ত্রী।

তিনি জানান, শনিবার রাতে বেড়াতে আসা মেহমানের জন্য খাবার রান্না করছিলেন রোজিনা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। শব্দ শুনে অতিথিরা রান্নাঘরের দিকে গিয়ে দেখেন, পাহাড় ধসে রান্নাঘরটি চাপা পড়ে গেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর উদ্ধারকারীরা রোজিনা আক্তারের দেহ মাটির নিচ থেকে উদ্ধার করেন। 

ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম জানান, দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

গত ৪ জুলাই থেকে টানা বৃষ্টিপাতে কক্সবাজারে পাহাড়ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে রোহিঙ্গাসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

তারেকুর রহমান/আজহার/

ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১১:২২ এএম
ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী নামক এলাকায় উল্টে থাকা ডিমবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত পাঁচজনের পরিচয় মিলেছে।

শনিবার (১১ জুলাই) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), জালাল খাঁ (৩৫) ও হাফিজুর (৫০)।

নিহতরা সবাই ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার বাসিন্দা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, 'পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।' 

এনকেবি নয়ন/তামান্না রুপা/

সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার
কাভার্ডভ্যান চালক মো. আল আমিন গাজী/ ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ছিনতাই হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা এবং রাতে সাভারে পৃথক অভিযান চালিয়ে তেল উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ ও এর চালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে একটি কাভার্টভ্যান ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল নিয়ে রওনা হয়। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে কাভার্ডভ্যানচালক ট্রাকসহ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে পরদিন সোনারগাঁ থানায় মামলা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, তেলসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খোয়া যাওয়া সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইমরান হোসেন/তামান্না রুপা/ 

সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:১৪ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৩১ এএম
সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেওদিঘী বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের পেছনের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হবে।

আরিফুল/খাদিজা রুমি/

পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:০৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:১২ এএম
পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহত মুশফিকুর রহিম/ খবরের কাগজ

কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা বলিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে সবার অগোচরে শিশুটি ঘরের বাইরে চলে যায়। একপর্যায়ে বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রকিবুল হাসান/তামান্না রুপা/