সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০জন শিক্ষককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে আটক শিক্ষকদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৭ মে) দুপুরে চৌহালী উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়।
আটক শিক্ষকরা হলেন- আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০জন শিক্ষককে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে রাতে চৌহালী থানায় মামলা করেছেন।
সিরাজুল/মেহেদী/