সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ১০ টাকা কমে ৬০-৭০ টাকা কেজি হয়েছে। আলুর দামও ১০ টাকা কমেছে। বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। তবে ধানের ভরা মৌসুমেও কমেনি চালের দাম। আগের মতোই আছে আদা, রসুনের দাম। সবজির মধ্যে টমেটোর দাম কমলেও কপি, বেগুনের দাম কমেনি। স্থিতিশীল ডিম, মাছ ও মাংসের দাম।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনই তথ্য জানা গেছে।
কমেনি চালের দাম: ভোটের অজুহাতে চালের দাম বাড়লে সরকার গঠনের এক সপ্তাহ পরও কমেনি চালের দাম। বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে এখনো মিনিকেট ৭০ টাকা, ২৮ চাল ৫৪-৫৫ টাকা ও মোটা চাল ৫০-৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আকিজ, প্রাণ, এসিআইসহ বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত মিনিকেট আরও বেশি ৯০ টাকায় বিকোচ্ছে। এ ছাড়া আগের মতোই পোলার চাল ১৪০-১৫০ টাকা কেজি।
কমেছে আলু-পেঁয়াজের দাম
গত সপ্তাহের মতো এ সপ্তাহেও নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কেজিতে কমেছে ১০ টাকা। কারওয়ান বাজারের হালিম বলেন, পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিল ৮০-৯০ টাকা। সপ্তাহের ব্যবধানে আলুর দামও কেজিতে ১০ টাকা কমেছে। এই খুচরা বিক্রেতা বলেন, আগের সপ্তাহে ৫৫-৬০ টাকা থাকলেও বর্তমানে ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বিভিন্ন মোকামে পাইকারিতে দাম কমার কারণে খুচরা পর্যায়ে কমছে বলে জানান তিনি। বিভিন্ন বাজারে মানভেদে আদা ও রসুন আগের মতোই ২২০-২৪০ টাকা কেজি দেখা গেছে। বিক্রেতারা বলছেন, দেশি রসুন না উঠা পর্যন্ত দাম কমবে না।
সবজি বিক্রেতারা জানান, ঘন কুয়াশার কারণে গত সপ্তাহ থেকে বেড়ে গেছে সবজির দাম। পাতা ও ফুল কপি ৪৫-৫০ টাকা পিস, বেগুন ৬০-৮০ টাকা কেজি। এ সপ্তাহে টমেটোর দাম কমে ৪৫-৫০ টাকা হয়েছে। গাজর, পটোল ও করলা ৪০-৮০ টাকা, শসা ৬০ টাকা, মরিচ ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল শাক, পালং শাকের আঁটি ১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
ঝিম ধরে আছে মাছ, মাংস ও ডিমের দাম : বিভিন্ন বাজারের মাংস বিক্রেতারা জানান, গরুর মাংস এখন ৭০০ টাকা কেজি। মোহাম্মদপুর টাউন হলের জহির অ্যান্ড জাহিদ মাংস বিতানের আ. রশিদ বলেন, গরুর মাংস ৭০০ টাকা কেজি এবং খাসির মাংস ১০৫০-১১০০ টাকা কেজি।
সপ্তাহের ব্যবধানে কমেনি মুরগির দাম। কারওয়ান বাজারের ভাই বন্ধু ব্রয়লার ও অতিথি ব্রয়লার হাউসের মুরগি বিক্রেতারা জানান, আগের মতোই এ সপ্তাহে পোলট্রি ২০০ টাকা কেজি, পাকিস্তানি মুরগি ৩০০-৩১০ টাকা এবং দেশি মুরগি ৫০০-৫৩০ টাকা কেজি। ডিম ব্যবসায়ীরাও জানান, গত সপ্তাহের মতোই ডিমের দাম। সাদা ডিমের ডজন ১২৫ টাকা ও লাল ডিম ১৩০-১৩৫ টাকা ডজন।
খাল-বিলের মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। আগের মতো দামেই মাছ বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান রুই, কাতলা মাছ আকারভেদে ২৬০-৫০০ টাকা কেজি, চিংড়ি ৬০০-১০৫০ টাকা, শিং ৫০০-৬৫০ টাকা, মলা ৪০০-৫০০ টাকা, বাইন ৪০০-৬০০ টাকা, পাঙাশ ২০০-২৫০, তেলাপিয়া ২২০-২৫০, কৈ ২৫০-৪০০ টাকা, ট্যাংরা ৪৫০-৭০০ টাকা, মাগুর ৪০০-৬০০ টাকা এবং ইলিশ মাছ ৮০০-১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বড় সাইজের ইলিশ মাছের কেজি ১৮০০ টাকা পর্যন্ত।
আগের মতোই ছোলার দাম ১২০ টাকা: ভোটের আগে হঠাৎ করে ছোলার দাম বেড়ে গেছে। তাই বেশি দামেই সাদা ছোলা ১১০-১২০ ও কালোটা ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সরকার চিনির দাম ১৪৮ টাকা কেজি বেঁধে দিলেও সহজে পাওয়া যায় না। কোথাও কোথাও প্যাকেট চিনি পাওয়া গেলেও ১৫০ টাকা কেজিতে কিনতে হয়। ২ কেজি আটা ১২০ টাকা, ডাল ১১০-১৪০ টাকা কেজি, ৫ লিটার সয়াবিন তেল ৮২০-৮৪৫ টাকা, ২ লিটার ৩৪০ ও ১ লিটার ১৭৩ টাকা।