মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে সরানোর প্রস্তাব উঠেছে। আর এই প্রস্তাব সামনে নিয়ে এসেছেন ফ্লোরিডার কট্টরপন্থী রিপাবলিকান ম্যাট গায়েটজ। মূলত ম্যাকার্থি যে সফলভাবে মার্কিন সরকারের শাটডাউন এড়াতে পেরেছেন, সেটি নিয়েই ক্ষিপ্ত হয়েছেন ম্যাট।
প্রস্তাব উত্থাপনের পর গায়েটজ সাংবাদিকদের বলেন, ‘দুটি বিষয়ের যে কোনো একটি হবে – হয় ম্যাকার্থি আর হাউসের স্পিকার থাকবেন না, কিংবা তিনি এমন হাউসের স্পিকার হিসেবে থাকবেন যিনি ডেমোক্রেটদের তুষ্ট করতে কাজ করবেন। আমি যে কেনো ফলাফলেই সন্তুষ্ট, কারণ কে শাসন করছে তা মার্কিনীদের জানার অধিকার রয়েছে।’
গায়েটজের এ বক্তব্যের কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে ম্যাকার্থি লিখেছেন, ‘শুরু কর’।
এসবের মাত্র দুদিন আগেই নতুন অস্থায়ী বাজেট বা ‘স্টপগ্যাপ বিল’ পাশ হয়। এতে করে নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত সরকারের তহবিল বাড়ানো হয়। ফলে শাটডাউনের হাত থেকে রেহাই পায় সরকার। হাউস এবং সিনেট দুই পক্ষই বিলটি পাশ করে। পরে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর করেন।
গায়েটজ অবশ্য আগেই সতর্ক করেছিলেন, স্পিকার যদি ডেমোক্রেটদের সঙ্গে মিলে সরকারকে সচল রাখার চেষ্টা করেন, তাহলে তাকে সরানোর চেষ্টা করবেন তিনি। সোমবার সন্ধ্যায় সেটিকেই বাস্তবে রূপ দিয়েছেন রিপাবলিকান এ নেতা।
প্রস্তাবটি সামনে আসার কারণে এখন দুই দিনের মধ্যে হাউসের নেতৃস্থানীয়দের ভোটের আয়োজন করতে হবে। বিবিসির প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের কোনো স্পিকার এখন পর্যন্ত এভাবে ক্ষমতাচ্যুত হননি। হাউসের সিংহভাগ ভোটের ওপর নির্ভর করবে স্পিকার ক্ষমতা হারাবেন কি না। সবমিলিয়ে ২১৮টি ভোটের প্রয়োজন পড়বে। বর্তমানে হাউসের নিয়ন্ত্রণে রয়েছেন রিপাবলিকানরা। সূত্র: বিবিসি, গার্ডিয়ান