পেরুর উত্তরাঞ্চলে একটি মিনিবাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে। সান হুয়ান পৌরসভার প্রাতিষ্ঠানিক যোগাযোগ বিভাগের প্রধান রিকার্দো চিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
সান হুয়ান পৌরসভাটি রাজধানী লিমা থেকে ৮০০ কিলোমিটারের বেশি উত্তরে কাজামার্কা অঞ্চলে অবস্থিত।
চিলন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পৌঁছেছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন। নিহতদের মধ্যে মনিবাসের চালক ও একটি শিশু রয়েছে।
তিনি বলেন, মিনিবাসটিতে সান হুয়ান জেলা থেকে সিউদাদ দে দিওস যাওয়ার পথে মোট ১৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। দমকল বিভাগের কর্মকর্তা এডসন রোমান জানান, এখনও ছয়টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘উদ্ধার অভিযান আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। মিনিবাসটি গভীর খাদে আটকে রয়েছে।’
পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এর প্রধান কারণ হিসেবে দুর্বল সড়ক অবকাঠামো, ট্রাফিক আইন প্রয়োগে ঘাটতি এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোকে দায়ী করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পেরুর সড়ক দুর্ঘটনায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এএফ/