ডোনাল্ড ট্রাম্পের করা মানহানি মামলার সমঝোতায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হয়েছে সংবাদসংস্থা এবিসি নিউজ।
রবিবার (১৪ ডিসেম্বর) দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত মার্চ মাসে এবিসি নিউজের আলোচনা অনুষ্ঠান ‘দিস উইক’র উপস্থাপক জর্জ স্টেফানোপোলোস ট্রাম্প ‘ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছেন’- এমন মন্তব্য করায় সংবাদ সংস্থাটির বিরুদ্ধে মানহানি মামলা করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মায়ামির ফেডেরাল কোর্টে করা এই সমঝোতা আবেদন অনুযায়ী ট্রাম্পের প্রতিষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়ামে ১৫ মিলিয়ন ডলার দেবে এবিসি নিউজ। এ ছাড়া মামলায় আইনি প্রক্রিয়া চালাতে হওয়া খরচ বাবদ আরও এক মিলিয়ন ডলার পাবেন ট্রাম্প।
সমঝোতা চুক্তিতে সংবাদ সংস্থাটির ট্রাম্পের ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার বিষয়ও উল্লেখ রয়েছে।
এ বিষয়ে এবিসি নিউজের একজন মুখপাত্র বলেন,‘দুইপক্ষ একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছে- এতেই আমরা খুশি।’
তবে ট্রাম্পের প্রতিনিধিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওই অনুষ্ঠানে উপস্থাপক ট্রাম্প ধর্ষণের দায়ে অভিযুক্ত বলে মন্তব্য করেন ১০ বারের বেশি। তবে ম্যানহ্যাটানের জুরি আদালতের রায় অনুযায়ী ট্রাম্প ১৯৯৬ সালে লেখিকা জিন ক্যারোলকে ‘যৌন নিপীড়ন’ করেছিলেন। কিন্তু ধর্ষণ প্রমাণিত হয়নি। এই মামলায় ৮৩ মিলিয়ন ডলার জরিমানাও দিতে হয়েছে ট্রাম্পকে।
এ পরিস্থিতিতে জর্জের মন্তব্যকে মানহানিমূলক আখ্যা দিয়ে মামলা করেছিলেন ট্রাম্প।
প্রায় এক বছর ধরে চলমান আইনি দ্বন্দ্ব এই সমঝোতার মাধ্যমে শেষ হলো।
সব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এই মামলার ফলাফল তার আইনজীবীদের তৎপরতার প্রমাণ করে।
এদিকে ট্রাম্পের করা মামলায় বেকায়দায় পড়ে এবিসি নিউজ তাদের গ্রহণযোগ্যতা হারাতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
নাইমুর/অমিয়/