শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। সড়কপথে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই সময় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়।
২০২১ সালে নিম্ন আদালতের রায়ে হাবিবকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনিসহ বিএনপির মোট ৫০ নেতা-কর্মী অস্ত্র ও বিস্ফোরক আইনে বিভিন্ন মেয়াদে সাজা পান।
বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে কারাবন্দি বিএনপি নেতা-কর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। ওই আপিল আবেদনের ওপর শুনানি নিয়ে আজ আদেশ দেন আদালত।
হাবিবুল ইসলাম হাবিবের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির এ নেতা জড়িত ছিলেন না। শুধু দুটি গুলির খোসা দেখিয়ে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়। মামলা থেকে তাকে খালাস দেওয়ায় তিনি ন্যায়বিচার পেয়েছেন। বাকি আসামিরাও ন্যায়বিচার পাবেন।