সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক ওই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় চার্জগঠন শুনানির জন্য ছিল। আইনজীবীরা মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক অভিযোগের দায় থেকে তাদের অব্যাহতি দেন। শামীম ইস্কান্দার ও তার স্ত্রী শুনানিতে হাজির ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পর অনুসন্ধানে নেমে শামীম ইস্কান্দারকে সম্পদের বিবরণী জমা দিতে ২০০৭ সালে নোটিশ দেয় দুদক। অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন তারা। এরপর শামীম ইস্কান্দারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তা আপিল বিভাগের রায়েও বহাল থাকে। একই বছর এ স্থগিতাদেশ প্রত্যাহার করেন আদালত।
২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে শামীম ইস্কান্দার আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।
পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গত ২০২২ সালের ১২ জুন ওই লিভ টু আপিল খারিজ করে দেন। এতে বিচারিক আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলতে আইনগত বাধা না থাকায় ফের শুরু হয় বিচারকাজ।