ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ১৮ জনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার মামলা চলছে আদালতে। এবার তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার অবৈধ সম্পদ অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে। রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়াসহ বাকি ১৫ জনের অবৈধ সম্পদ অনুসন্ধানে কয়েকটি বিশেষ টিম গঠনের প্রক্রিয়া চলছে। শিগগিরই টিম গঠনের পর আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু হবে।
এর আগে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার মামলায় শেখ হাসিনাসহ ওই ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুদক। শিগগিরই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের আওতায় বাকি ১৪ জন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা। তারা হলেন রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মো. খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (পরিকল্পনা) মো. নাসির উদ্দিন, সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর (ইঞ্জিনিয়ার) শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. হাফিজুর রহমান, উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. হাবিবুর রহমান, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকার, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াসি উদ্দিন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।
এর আগে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা করে ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় শেখ হাসিনাসহ ওই ১৮ জনের বিরুদ্ধে গত ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। অভিযোগ গ্রহণ করে শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেছেন আদালত।
এ ছাড়া দুদকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, দেশের বিভিন্ন প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগসংক্রান্ত একাধিক অনুসন্ধান চলছে।