প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বেইলি রোডের যে বহুতল ভবনে আগুন লাগল, সেখানে কোনো ফায়ার এক্সিট নেই।’
শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিমা ধারণা প্রচারের লক্ষ্যে জাতীয় বিমা দিবস-২০২৪ উদ্বোধনকালে এ কথা বলেন।
অর্থ মন্ত্রণালয় এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভবন নির্মাণের সময় সবাইকে নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা সব সময় আমাদের স্থপতিদের অনুরোধ করি, অন্তত যখন তারা ঘর বা বিল্ডিং ডিজাইন করেন, তখন একটি ছোট খোলা বারান্দা, একটি ফায়ার এক্সিট বা বায়ু চলাচলের স্থান রাখুন। কিন্তু যেসব স্থপতি ভবন নির্মাণ করতে চান তারা ঠিকমতো নকশা করাবেন না এবং মালিকরাও এক ইঞ্চি জায়গাও ছাড়তে চান না।’
তিনি বলেন, ‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৫ জন মারা গেছে। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে!’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সব ভবনে অগ্নিনির্বাপকযন্ত্র স্থাপন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বারবার নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমি জানি যে কোনো বিমা ছিল না, তাই তারা (বেইলি রোডে অগ্নিকাণ্ডের শিকাররা) ক্ষতিপূরণ হিসেবে কিছুই পাবে না। এসব ক্ষেত্রে সচেতনতা খুবই প্রয়োজন।’ সূত্র: ইউএনবি
সাদিয়া নাহার/