বাংলাদেশ ও চীনের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার আরও নতুন ক্ষেত্র অনুসন্ধানের এখনই সময় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করার এখনই সময় আমাদের। একসঙ্গে আমরা এক সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, যাতে লাভবান হতে পারে আমাদের দেশ ও জনগণ।’
মঙ্গলবার (৯ জুলাই) বেইজিংয়ে চায়না ওয়ার্ল্ড সামিট উইংয়ের শাংগ্রি-লা সার্কেলে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগবিষয়ক এক সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস, বিডা, বিএসইসি ও সিসিপিআইটি এই সম্মেলনের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে অংশীদারিত্ব অবারিত প্রতিশ্রুতি বহন করে। কারণ উভয় দেশই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত অগ্রগতি ও নিরন্তর উন্নয়নের জন্য আমাদের মিলিত দৃষ্টিভঙ্গি দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি গঠন করেছে।’
তিনি চীনের ব্যবসায়ীদের বাংলাদেশ সফর, সুযোগগুলো খুঁজে দেখা ও আমাদের জনগণের উষ্ণতা ও আতিথেয়তার অভিজ্ঞতা অর্জনের জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানান।
তিনি বলেন, ‘আপনাদের প্রয়োজনীয় সমস্ত সমর্থন ও সহায়তা আমাদের মধ্যে পাবেন। আসুন আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ ও আরও সংযুক্ত বিশ্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করি। এখন বাংলাদেশে বিনিয়োগের সময় এসেছে এবং আমি আত্মবিশ্বাসী যে, আমাদের হাত যুক্ত হয়ে আমরা একসঙ্গে বড় কিছু অর্জন করতে পারব।’
প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম অংশীদার, বছরের পর বছর বাণিজ্যের পরিমাণ বাড়ছে।
তবে তিনি বলেন, বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করতে ও আরও ন্যায়সঙ্গত বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ চীনে আরও পণ্য যেমন টেক্সটাইল, গার্মেন্টস, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও কৃষিপণ্য রপ্তানি করতে আগ্রহী।
তিনি বলেন, ‘আমরা আমাদের রপ্তানিমুখী শিল্পগুলোতে চীনা বিনিয়োগকে স্বাগত জানাই, যা আমাদের রপ্তানি ঝুড়িতে বৈচিত্র্য আনতে ও বাণিজ্য ঘাটতি হ্রাস করতে সহায়তা করবে।’
ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে শেখ হাসিনা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ গঠনে উৎসাহিত করেন।
তিনি আরও বলেন, ‘এই সহযোগিতা উভয়পক্ষের জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বিকাশ ও বাজারে প্রবেশাধিকার সহজতর করবে। উদ্ভাবন ও প্রতিযোগিতার বিকাশের জন্য গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সূত্র: ইউএনবি
অমিয়/