দুর্নীতির মাধ্যমে ব্যক্তি লাভের জন্য রাষ্ট্রের প্রায় ৯২ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সহকারী পরিচালক তানজিল হাসান। মামলায় সুধাংশু শেখর ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের’ পরিচালক থাকার সময় রাষ্ট্রের ওই পরিমাণ টাকার অপচয় ও ক্ষতি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, সুধাংশু শেখর ভদ্র ডাক বিভাগের প্রকল্প পরিচালক থাকার সময় অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা ক্ষতিসাধন করেছেন। তিনি প্রকল্পের শর্ত ভঙ্গ করে ইউপিএসসহ কয়েক হাজার যন্ত্রপাতি কেনেন। সেসব যন্ত্রপাতি ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে প্রকল্পের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাকের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে গত বছরের অক্টোবরে আরেকটি মামলা করে দুদক।