শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের খালাতো বোন বলে আখ্যায়িত করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনা ২২৭ মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছে। সেখানে থেকে ওসামা বিন লাদেনের মত ভিডিও বার্তা দিচ্ছে। আর ওই বার্তায় মামলার বাদীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। এখন সবচেয়ে বড় যে কাজ তা হচ্ছে শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করা। অন্যথায় দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে পারে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হবে।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে বরিশালে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচিত সরকার না থাকায় পুনরায় ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে শুরু করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। তাই কোন খোঁড়া অজুহাত না দেখিয়ে অন্তবর্তীকালীন সরকারের উচিত অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করা।
রিজভী অন্তবর্তী কালীন সরকার প্রধান ড মুহাম্মদ ইউনুস কে উদ্দেশ্য করে বলেন, আপনি নির্বাচিত সরকারের প্রধান নন, জনগনের সমর্থিত সরকার প্রধান আপনি। তাই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নাই। মানবতার করিডোর খোলার চিন্তা না করে অনতিবিলম্বে নির্বাচন দিন। জনগনের ক্ষমতা জনগনের হাতে ফিরিয়ে দিন।
মহানগর শ্রমিক দল আহবায়ক মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেনদীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএনপি'র বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খান, বিএনপির জাতীয় কমিটির সদস্য হাসান মামুন, সহ বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর শ্রমিক দল সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিকদের সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে টাউন হল এর সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর ফজলুল হক এভিনিউ থেকে চকবাজার হয়ে গির্জা মহল্লা হয়ে টাউন হলের সামনে এসে শেষ হয়।
মঈনুল/সিফাত/