অনলাইনে শেখ হাসিনার সঙ্গে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম।
তিনি জানান, ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতারা অংশগ্রহণ করেন।
বৈঠকে কুমিল্লা জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করা হয়।
বৈঠকে অংশ নেওয়া অন্যদেরকেও গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ওসি মাহিনুল জানান, ভার্চুয়াল বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন সেসব বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। বৈঠকে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে মহানগর আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
জহির শান্ত/সুমন