বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা দেশের মাটিতে এখনো ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে।
শুক্রবার (১৬ মে) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এসসি উচ্চবিদ্যালয় মাঠে ওয়ার্ড কমিটির ভোট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী আরও বলেন, ‘বিগত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। ২০১৪ সালে হাসিনা বিএনপিকে ছাড়া একদলীয়ভাবে ভোট নিয়ে গেছে। ২০১৮ সালে আমাদের ঘুমে রেখে ভোট নিয়ে গেছে। ২০২৪ সালে আমাদের নেতা-কর্মীদের জেলে রেখে ভোট করেছে। যার কারণে মানুষ ভোটের প্রক্রিয়া ভুলে গেছে। তবে বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বিধায় তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় আমরা কর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করছি। এর উদ্দেশ্য হলো দলের ভেতরে গণতন্ত্র চর্চা করা।’
এ্যানি আরও বলেন, আমাদের গণতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আগামীতে যত বাধাই আসুক সব কিছুই আমরা মোকাবিলা করতে পারব।
তিনি বলেন, আপনারা আপনাদের প্রয়োজনে আশরাফ উদ্দিন নিজানের পাশে থাকুন। আশরাফ উদ্দিন নিজানের হাতকে শক্তিশালী করলে আপনাদের উপকার হবে, এটা মাথায় রেখে কাজ করুন।
ভোট পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ভুইয়া, শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম, বাফুফে সহসভাপতি হ্যাপী চৌধুরী, কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী, কৃষক দলের আহ্বায়ক আজাদ উদ্দিন, যুবদলের আহ্বায়ক মাওলানা ইউছুপ পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, সদস্যসচিব আবু ছায়েদ দোলন ও ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।