চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, রাসুল (সা.) নবুয়ত লাভের পূর্বে আরবে ছিল আইয়ামে জাহেলিয়াত। তেমনিভাবে বাংলাদেশে গত ১৭ বছর চলছিল আওয়ামী জাহেলিয়াত। সে সময় আবু জাহলকে দুইজন কিশোর হত্যা করে জাহান্নামে পাঠিয়েছিল। এখন আওয়ামী জাহেলিয়াতকে এ দেশের কিশোর–তরুণ–যুবকেরা পিটিয়ে ভারত পাঠিয়ে দিয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কালাবিবির দিঘিস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, 'স্বৈরাচারী হাসিনা সরকার চেয়েছিল জামায়াতে ইসলামীর পরিচিতি এই দেশ থেকে মুছে ফেলতে, এদেশের ব্যানার–পোস্টার থেকে তুলে ফেলতে। তারা ঠিকই জামায়াতে ইসলামীর ব্যানার–পোস্টার সরিয়ে ফেলেছিল। অলিগলিতে নিজেদের পোস্টার টাঙিয়ে প্রভাব বিস্তার করেছিল। তবে জামায়াত–শিবির ছিল মানুষের অন্তরে। আজ তারা ব্যানার–পোস্টার থেকে মুছে গেছে, অথচ জামায়াত–শিবির আজও মানুষের অন্তরে রয়ে গেছে।'
এ সময় তিনি ছাত্রশিবিরের উদ্দেশে বলেন, আগামীর নেতৃত্ব আপনাদের হাতে—দলের হাল, দেশের হাল আপনাদেরই ধরতে হবে। তাই পড়াশোনা করে, সুশিক্ষিত হয়ে নিজেদের যোগ্য করে তুলুন।
সমাবেশে আনোয়ারা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে, সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী জামায়াতে ইসলামীর আমির মাস্টার মনির আবছার চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট কায়সার, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম, আনোয়ারা উপজেলা শিবিরের সভাপতি আলী হোসেন প্রমুখ।
হা-মীম/মেহেদী/