শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন তাই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এদেশের সম্পদ যাতে লুটেপুটে খেতে পারেন সেই কারণে খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করা হয়েছে। জেলখানায় বেগম জিয়ার খাবারে বিষ মেশানো হয়েছিল বলেও অনেকে বলে থাকেন।
শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করেছেন নিজের, ছেলে ও পরিবারের স্বার্থে। স্বর্ণ কিনে মজুদ করা, লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করা, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে।
খালেদা জিয়াকে টলানো যায়নি মন্তব্য করে তিনি বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে গেল। তিনি হাঁটতে হাঁটতে কারাগারে গেলেন। কিন্তু দেশ ছেড়ে যাননি। তাকে বিন্দুমাত্র টলানো যায়নি। কারণ তিনি আপোষ করেননি। কিন্তু শেখ হাসিনা তারপরও ছাড়েননি। তার পথে কাঁটা মনে করত খালেদা জিয়াকে। তাই পৃথিবী থেকে সরে দেওয়ার জন্য যত ধরণের চক্রান্ত আছে সবই করেছে হাসিনা।
শেখ হাসিনা দেশকে পৈত্রিক সম্পদ মনে করত উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ নিজের নামে আত্মসাৎ করেছেন। দেশের সমস্থ কিছু তার নিজের সম্পদ মনে করত। ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করত। জনগণের টাকাকে নিজের টাকা মনে করত।
এক কোটি প্রবাসী এবার ভোট দিতে পারবে মন্তব্য করে রিজভী বলেন, বিদেশে রয়েছে আমাদের এক কোটি লোক। তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। কিন্তু রেজিস্টেশন হয়েছে মাত্র ৭৫ হাজার। বহুলোক বঞ্চিত হবেন, তাই পাসপোর্টের মাধ্যমে মিল রেখে যেন ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি - আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।’
রিজভী জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে ভিড় করছেন, এতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং অন্যান্য রোগীদেরও সমস্যা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আপনারা আবেগ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, সুস্থতার জন্য মোনাজাত করছেন - এটা স্বাভাবিক। কিন্তু এই ভিড়ের কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই তার জন্য দোয়া করুন। দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ।
অমিয়/