ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় তুললেন হ্যারি কেইন ইংল্যান্ডের সামনে ৬০ বছরের দুঃস্বপ্ন সোনারগাঁয় সেতুর নিচের ময়লার ভাগাড়, অতিষ্ট জনজীবন এমপাসির সেভে স্তব্ধ ইংল্যান্ড, প্রথমার্ধে এগিয়ে ডিআর কঙ্গো ইবির আইসিটি বিভাগে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ বর্ষার আগেই ডেঙ্গুর অশনিসংকেত: বাড়ছে রোগী, ভয়াবহতার আশঙ্কা বিশেষজ্ঞদের শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩ নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা? ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন উদ্ধারে ধীরগতি, ভেনেজুয়েলায় গভীর মানবিক বিপর্যয় জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪ টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৮১৪৭১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১২.৩৭ শতাংশ আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস রেমিট্যান্সে নতুন রেকর্ড, এক বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা কিম জং উনের সিলেটে ধর্ষণ মামলার ১৪ বছর পর আসামিদের মৃত্যুদণ্ড দিলেন আদালত নোবিপ্রবির সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর টাঙ্গাইলে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল পাটখেতে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন, পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন যেভাবে চিনবেন একজন অহংকারী মানুষকে বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান মন্ত্রীত্ব হারিয়েও উষ্ণ অভ্যর্থনায় দীপেন

করোনা-আন্দোলেনে শিক্ষায় অপূরণীয় ক্ষতি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ এএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ এএম
করোনা-আন্দোলেনে শিক্ষায় অপূরণীয় ক্ষতি
খবরের কাগজ ইনফোগ্রাফ

নানা কারণে দেশে শিক্ষায় ধাক্কা লাগছে প্রতিনিয়ত। কখনো প্রাকৃতিক দুর্যোগ আবার কখনো মানবসৃষ্ট কারণে অচলাবস্থা তৈরি হচ্ছে সামগ্রিক শিক্ষাব্যবস্থায়। ২০২০ সালে মহামারি করোনায় ব্যাহত হয় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়ালেখা। ধাপে ধাপে এ অচলাবস্থা কাটানোর চেষ্টা হলেও কোভিডের ক্ষতিকর প্রভাব এখনো রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। করোনার মতো ব্যাপক প্রভাব না পড়লেও ২০২৪-এর জুলাই আন্দোলনের কারণে শিক্ষায় ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের মনোজগতে পরিবর্তন, পাঠ্যসূচিতে সংযোজন-বিয়োজন, পরীক্ষা না দেওয়ার প্রবণতা, উচ্চশিক্ষায় সেশনজট, সংক্ষিপ্ত সিলেবাসে পাবলিক পরীক্ষা, অটোপাসসহ নানা কারণে ঘাটতি লক্ষ করা যাচ্ছে।

তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সংক্রমণ বাড়লে পর্যায়ক্রমে বাড়ে ছুটিও। সব মিলিয়ে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জানায়, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতার ঘাটতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। বিশ্লেষকদের মতে, মহামারির বহুমাত্রিক প্রভাবের মধ্যে শিখন ঘাটতি এবং শিক্ষা থেকে ঝরে পড়ার উচ্চহার ছিল ব্যাপক। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে করা বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিটের (বিইডিইউ) সমীক্ষা অনুযায়ী, ৮০ শতাংশ শিক্ষার্থী বাংলায়, ৭৬ শতাংশ শিক্ষার্থী ইংরেজি ও ৬৯ শতাংশ গণিতে প্রত্যাশিত দক্ষতার চেয়ে অনেক পিছিয়ে আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গবেষণায়ও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে একই ধরনের তথ্য উঠে আসে।

গণসাক্ষরতা অভিযানের প্রকাশনা এডুকেশন ওয়াচ ২০২৩-এর তথ্য বলছে, ২০২০ সালে বিদ্যালয়ে দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ দশমিক ৫ শতাংশ (দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে) এবং ৬ শতাংশ (ষষ্ঠ শ্রেণির ক্ষেত্রে) শিক্ষার্থী পরবর্তী বছর বিদ্যালয়ে যায়নি অর্থাৎ তারা ঝরে পড়েছে। এমনকি এই শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্তরের ৫৭ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৭৯ শতাংশ শিক্ষার্থী আর বিদ্যালয়ে ফিরতে চায় না। পাশাপাশি সংকটের সময় অনলাইনের মাধ্যমে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা ডিভাইস না থাকার কারণে পিছিয়ে পড়ে।

সরকারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগ থাকলেও করোনার প্রভাব এখনো রয়ে গেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে চট্টগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন মাজহারুল ইসলাম। খবরের কাগজকে তিনি বলেন, ‘আমাদের সবার জীবনে করোনার ক্ষতিকর প্রভাব পড়েছে। আমি যখন বিদ্যালয়ে যোগ দিই, তখন দেখতে পাই শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। করোনায় যারা স্কুল ছেড়েছে, তারা ফেরেনি। অনেকে আর্থিক সংকটের কারণে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারেনি।’ 

ঝরে পড়ার পাশাপাশি সেশনজটের কবলে পড়ে শিক্ষাজীবন দীর্ঘ হয়েছে অনেকের। ফলে চাকরির নিয়োগ পরীক্ষায় তারা অংশ নিতে পারেননি। চাকরিতে আবেদনের বয়স ৩০ বছর নির্ধারিত থাকায় তাদের আবেদনের সুযোগও কমে আসে। যদিও সম্প্রতি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। পাশাপাশি বিদেশে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগও কমে যায়। কর্মসংস্থানের অভাবে শিক্ষিত বেকারের সংখ্যাও বেড়ে যায়।

অন্যদিকে জুলাই আন্দোলনের কারণেও প্রায় এক মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্ধারিত পরীক্ষা নেওয়া যায়নি। একই শিক্ষাবর্ষের হয়েও সবাই একই সঙ্গে অনার্স কিংবা মাস্টার্সের পরীক্ষায় অংশ নিতে পারেননি। আবার অনেকের ফলও প্রকাশ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনেক বিভাগের শিক্ষার্থী সম্প্রতি ঘোষিত ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন না। আবার একই বর্ষের অনেক শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা হয়ে যাওয়ায় তারা আবেদন করতে পারবেন। গণিত বিভাগের শিক্ষার্থী আসাদুল হক আবেদনের সময় জানুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন।

এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের মনোজগতেও পরিবর্তন আসছে। নানা ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় একটা অংশের মধ্যে নেতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। আবার অনেকে সহপাঠীকে হারিয়ে চরমভাবে ভেঙে পড়েন। অনেককে আন্দোলনে প্রাণ হারানো সহপাঠীর ছবির সঙ্গে ফুলের তোড়া রেখে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতেও দেখা গেছে। আবার আন্দোলন-পরবর্তী শিক্ষার্থীদের আচরণ নিয়েও নানা প্রশ্ন তোলেন অনেকে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সহিংস হতে দেখা গেছে। হঠাৎ করেই নানা দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমে পড়েছেন তারা। পরীক্ষা বাতিল এবং ফল পরিবর্তনের দাবিতে ফেল করা শিক্ষার্থীরাও সচিবালয়ের মতো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে প্রান্তিক পর্যায়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষক হেনস্তার ঘটনা ঘটে। সম্প্রতি ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে দাবি করে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে চালানো হয় ব্যাপক ভাঙচুর। নানা জটিলতায় পড়েছেন এসব প্রতিষ্ঠানের হাজারও শিক্ষার্থী।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী খবরের কাগজকে বলেন, নেতিবাচক কর্মকাণ্ড যারা করছেন এই সংখ্যাটা বেশি নয়। এখানে কারও হয়তো ইন্ধনও থাকতে পারে। শিক্ষক-শিক্ষার্থীদের মনো-সামাজিক কাউন্সিলের প্রয়োজনীয়তা রয়েছে।

অটোপাসের ডামাডোল, পরীক্ষা না দেওয়ার প্রবণতা

করোনার কারণে ২০২০ সালের এইচএসসির পরীক্ষার্থীরা অটোপাসের মাধ্যমে ফলাফল পায়। পরবর্তী বছর কম বিষয় ও কম নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালেও কম নম্বরে পরীক্ষা নেওয়া হয়। ২০২৩ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পূর্ণ বিষয় ও নম্বরে পরীক্ষা না দেওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় ঘাটতি তৈরি হয়। চলতি বছরও বন্যার কারণে সিলেট বিভাগে পরীক্ষা স্থগিত করা হয়।

সাম্প্রতিক সময়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত জেলাগুলোর শিক্ষা খাতে দেখা দিয়েছে বিপর্যস্ত অবস্থা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ কয়েকটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় শিক্ষা খাতে দেখা দেয় বিপর্যস্ত অবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এ ছাড়া বন্যার পানিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে ভবন ও আসবাব ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে অনেক দিন পাঠদান করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের কারণে বেশ কয়েকবার পরীক্ষা স্থগিত করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরীক্ষা বাতিল চেয়ে সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে একদল পরীক্ষার্থী। পরে পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। 

অন্যদিকে অন্তর্বর্তী সরকার নতুন কারিকুলাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগ বিভাজন চালু করা হবে বলে জানানো হয়। এ ছাড়া ২০২৪ সালে নবম শ্রেণিতে নতুন কারিকুলামে পড়া শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণিতে সংক্ষিপ্ত সিলেবাস চালুর কথা উল্লেখ করা হয়। বারবার সিদ্ধান্ত পরিবর্তনে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ সমালোচনা করছেন। তাদের দাবি, শিক্ষাব্যবস্থা সংস্কারের জন্য একটি পূর্ণাঙ্গ কমিশন দরকার।

>পরীক্ষা বাতিল করা ঠিক হয়নি
>ঘাটতি পূরণের পন্থা বের করতে হবে
>শিক্ষা নিয়েই সংস্কার কমিশন হওয়া উচিত

জলাবদ্ধতার দুষ্টচক্রে রাজধানী

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:২৫ এএম
জলাবদ্ধতার দুষ্টচক্রে রাজধানী
ছবি: খবরের কাগজ

বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হয়নি। এ পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, তাকে সেই অর্থে মুষলধারে বলা যাবে না। তবে রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। গত কয়েক সপ্তাহের মাঝারি বৃষ্টিপাতেই আবারও স্পষ্ট হয়েছে সমস্যার বাস্তব চিত্র। বৃষ্টি থামার ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে থাকতে দেখা যাচ্ছে। জলজটে কোথাও যান চলাচল ব্যাহত হচ্ছে, কোথাও হাঁটুসমান পানিতে চলাচল করতে বাধ্য হচ্ছেন নগরবাসী। এতে পুরোদমে বর্ষা শুরুর আগে নতুন করে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

  • হাজার কোটি টাকার প্রকল্প, তবু পানির নিচে ঢাকা!
  • বৃষ্টি নামলেই থমকে যায় শহর, জলাবদ্ধতার পুরোনো আতঙ্কে নগরবাসী

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনের জন্য গত দেড় দশকে একের পর এক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খাল পুনরুদ্ধার, ড্রেনেজব্যবস্থার উন্নয়ন, পাম্পিং স্টেশন নির্মাণ, বক্স কালভার্ট সংস্কার এবং পানি নিষ্কাশনব্যবস্থার আধুনিকায়নে ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। এমনকি রাজধানীর খাল ও নালা ব্যবস্থাপনার দায়িত্বও বিভিন্ন সময়ে এক সংস্থা থেকে অন্য সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এত সব উদ্যোগ ও বিপুল অর্থ ব্যয়ের পরও বাস্তব চিত্র খুব একটা বদলায়নি। সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকা এখনো পানির নিচে তলিয়ে যায়। 

নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার কারণ কেবল অবকাঠামোগত দুর্বলতা নয়, বরং দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ এবং সমন্বয়হীন ব্যবস্থাপনা। একসময় ঢাকার চারপাশে বিস্তৃত খাল, জলাধার ও নিম্নাঞ্চল বৃষ্টির পানি ধারণ এবং দ্রুত নিষ্কাশনের প্রাকৃতিক পথ হিসেবে কাজ করত। কিন্তু নগর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এসব খালের বড় একটি অংশ দখল, ভরাট কিংবা সংকুচিত হয়ে গেছে। ফলে শহর তার স্বাভাবিক পানি ধারণ ও নিষ্কাশন ক্ষমতার উল্লেখযোগ্য অংশ হারিয়েছে। যে পানি একসময় খাল ও জলাধার হয়ে সহজেই নদীতে চলে যেত, এখন সেই পানিই সড়ক ও জনবসতিতে জমে জলাবদ্ধতা সৃষ্টি করছে।

সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। রাজধানীতে প্রতিদিন প্রায় সাত হাজার টন বর্জ্য উৎপন্ন হয়, যার প্রায় ১৫ শতাংশই প্লাস্টিকজাত। এসব প্লাস্টিক, পলিথিন ও অন্য বর্জ্যের বড় অংশ শেষ পর্যন্ত গিয়ে জমা হয় ড্রেন, নালা ও খালে। ফলে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হয় এবং সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে। অনেক স্থানে ড্রেনের অস্তিত্ব থাকলেও পলি ও ময়লার স্তূপে সেগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টির পর রাজধানীর নিউ মার্কেট, আজিমপুর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধানমন্ডি, মিরপুর, শেওড়াপাড়া, মতিঝিল, খিলক্ষেত, বাড্ডা, পুরান ঢাকা ও উত্তরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। কোথাও সড়কে যানবাহন বিকল হয়ে পড়েছে, কোথাও দীর্ঘ সময় ধরে যানজট স্থায়ী হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং রোগীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।
দুই সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, রাজধানীর অন্তত ১৪১টি এলাকা বর্তমানে জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় রয়েছে ১০৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় রয়েছে ৩৩টি এলাকা। ঝুঁকিপূর্ণ এসব এলাকা চিহ্নিত করা হয়েছে আগেই। তবে অধিকাংশ ক্ষেত্রেই স্থায়ী সমাধানের কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো চোখে পড়ছে না।

এদিকে জলাবদ্ধতা নিরসনে নতুন করে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি’ প্রকল্পের আওতায় প্রায় ৮৯৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান এই প্রকল্পের আওতায় কালুনগর, জিরানী, মান্ডা ও শ্যামপুর খালের প্রায় ২০ দশমিক ৫৯ কিলোমিটার অংশ খনন ও স্লাজ (বর্জ্য জল, শিল্পকারখানা বা প্রাকৃতিকভাবে জমে থাকা ঘন, আঠালো কাদা বা কর্দমাক্ত মিশ্রণ) অপসারণ করা হবে। পাশাপাশি নির্মাণ করা হবে রিটেইনিং ওয়াল, সুরক্ষা বেষ্টনী, ওয়াকওয়ে, পাম্প স্টেশন এবং দূষণ নিয়ন্ত্রণে একাধিক ইটিপি।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, শুধু খাল খনন বা ড্রেন পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না। কারণ হিসেবে তারা জানিয়েছেন, ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থার পুরো শৃঙ্খলই বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত। সড়কের ক্যাচপিট থেকে শুরু করে ড্রেন, খাল, স্লুইসগেট, পাম্প স্টেশন এবং নদীতে পানিপ্রবাহের প্রতিটি ধাপেই রয়েছে নানা প্রতিবন্ধকতা। কোথাও অবৈধ দখল, কোথাও বর্জ্যের স্তূপ, আবার কোথাও অবকাঠামোগত সীমাবদ্ধতা পুরো ব্যবস্থাকে অকার্যকর করে তুলছে। ফলে একটি অংশ সংস্কার করা হলেও অন্য অংশের সমস্যার কারণে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না।

তবে বরাবরের মতো এবারও আশ্বাসের কথাই শোনালেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। জলাবদ্ধতা নিরসনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম খবরের কাগজকে বলেন, রাজধানীতে প্রায় ১০০টি হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।

তিনি বলেন, এক জায়গার পানি দ্রুত সরিয়ে অন্য জায়গায় ফেললে সেখানে আবার জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এটি স্বল্পমেয়াদি পরিকল্পনায় সমাধান সম্ভব নয়। চলতি বছর হয়তো কাঙ্ক্ষিতভাবে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করা যাবে না। তবে আগামী বছরের জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা নেওয়া হয়েছে। 

প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলে আগামী বছর জলাবদ্ধতা নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি আনা সম্ভব হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। জহিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে অনেক ছোট ড্রেন আমাদের ব্যবহৃত পলিথিন ও বর্জ্যে আটকে যায়। ফলে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া আমাদের চারটি ড্রেনেজ পাম্প থাকলেও সেগুলো প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় এবং সব কটি পূর্ণ সক্ষমতায় কাজ করছে না।’

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব (উপসচিব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ খবরের কাগজকে বলেন, রাজধানীর উত্তর অংশে কয়েকটি জলাবদ্ধপ্রবণ এলাকা রয়েছে, যেখানে বৃষ্টির সময় বিশেষ নজরদারি রাখা হয়। তিনি বলেন, ‘সাধারণ মানুষের কাছ থেকে কোনো অভিযোগ বা তথ্য পেলেই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়।’ 

এই কর্মকর্তা আরও বলেন, জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হলো ড্রেনেজব্যবস্থায় পলিথিন, ময়লা ও বর্জ্য জমে পানি চলাচল বাধাগ্রস্ত হওয়া। বিশেষ করে মিরপুর ও উত্তরখান এলাকায় এ সমস্যা বেশি দেখা যায়। তবে এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া স্থায়ীভাবে সমাধান সম্ভব নয়। বর্তমানে বিভিন্ন উন্নয়নকাজ চলমান থাকায় অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে শত শত প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা কোথায় এবং কাদের পকেটে যাচ্ছে তার হিসাব করা প্রয়োজন। পরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান খবরের কাগজকে বলেন, ‘ঢাকায় সম্প্রতি মাত্র ৫৪ মিলিমিটার বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অথচ বর্ষা মৌসুমে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত আমাদের দেশের জন্য স্বাভাবিক। সাধারণ বৃষ্টিতেই নগরজীবন অচল হয়ে পড়া প্রমাণ করে, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনে কোনো সমন্বিত ও কার্যকর পরিকল্পনা নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ওয়াসার প্রণীত মাস্টারপ্ল্যান সিটি করপোরেশনের কাছে দায়িত্ব হস্তান্তরের পর আর হালনাগাদ করা হয়নি। ফলে বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বয়হীনভাবে পরিচালিত হচ্ছে এবং জলাবদ্ধতা নিরসনে প্রত্যাশিত ফল মিলছে না। টেকসই সমাধানের জন্য আধুনিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে খাল সংস্কার, ড্রেনেজব্যবস্থার উন্নয়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।

এই পরিকল্পনাবিদ অভিযোগ করে বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। তাই এসব প্রকল্পের অর্থ কোথায় ব্যয় হয়েছে, কারা দায়ী–সেসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জবাবদিহি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা উচিত। তা না হলে জনগণের অর্থের অপচয়ই চলতে থাকবে, কিন্তু কাঙ্ক্ষিত সুফল মিলবে না।

রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৫৮ এএম
রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন করে তিন বছর মেয়াদি ঋণের আবেদন করেছে বাংলাদেশ। সংস্থাটি রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের শর্ত দিয়ে ঋণচুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি দেখা দিয়েছে। এতে অসন্তুষ্ট হয়েছে আইএমএফ। এনবিআরের কাছে ঘাটতির কারণ জানতে চেয়েছে সংস্থাটি। রাজস্ব আদায়ের এই ঘাটতিতে ঋণচুক্তি নিয়ে নতুন করে দর-কষাকষি শুরু করতে পারে আইএমএফ–এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

গতকাল সোমবার জাতীয় সংসদে বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আইএমএফের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয়নি। বরং পূর্ববর্তী সরকার এমন কিছু শর্তে ঋণ নিতে সম্মত হয়েছিল, যা জনগণের স্বার্থের পরিপন্থি ছিল। সে কারণে বর্তমান সরকার ওই কর্মসূচি থেকে সরে এসে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন করে ঋণ পেতে গত ৯ জুন আইএমএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্ভাব্য ঋণের পরিমাণ হতে পারে ৪০০ থেকে ৪৫০ কোটি ডলার। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আইএমএফের নির্বাহী পর্ষদ থেকে। তবে আইএমএফের শর্ত মেনে সরকারকে এই ঋণ নিতে হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে অন্যতম শর্ত।

২০২৩ সালে আওয়ামী লীগ সরকার আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে। ২০২৫ সালের জুনে অন্তর্বর্তী সরকারের সময়ে সেই ঋণের আকার বাড়িয়ে ৫৫০ কোটি ডলার করা হয়। অনুমোদিত ওই ঋণ কর্মসূচির আওতায় পাঁচ কিস্তিতে বাংলাদেশ মোট ৩৬৪ কোটি ডলার পেয়েছে। তবে ষষ্ঠ কিস্তির অর্থছাড় নিয়ে প্রায় এক বছর ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত তা পাওয়া যায়নি। এর অন্যতম কারণ সরকার শর্ত পূরণ করতে পারেনি। 

আইএমএফকে দেওয়া চিঠিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের কর্মসূচি গ্রহণের সময়কার অর্থনৈতিক ও নীতিগত বাস্তবতা এখন আর নেই। দেশে রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক অনিশ্চয়তা এবং নতুন চ্যালেঞ্জের কারণে কিছু সংস্কার বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছিল। তবে সরকার সংস্কার কর্মসূচি থেকে সরে আসতে চায় না; বরং দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে তা বাস্তবায়ন করতে চায়। চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচিত সরকারের সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। আশা করি শিল্প-বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। ফলে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হবে। এ ছাড়া রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে অনেক নতুন খাত অর্থনীতির মূলধারায় আনা হয়েছে। রাজস্ব আদায়ের আওতা বাড়ানো হয়েছে, প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। রাজস্ব ফাঁকি বন্ধ করতে সরকার কঠোর। আশা করছি লক্ষ্যমাত্রা পূরণ হবে।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন খবরের কাগজকে বলেন, দেশের রাজস্ব আদায় পরিস্থিতি ভালো নয়। রাজস্ব-জিডিপির (মোট দেশজ উৎপাদন) হার আগের চেয়ে কমেছে। ৮ শতাংশের মধ্যে আটকে আছে। চলতি অর্থবছর শেষে ঘাটতি দাঁড়াতে পারে ৮৮ হাজার কোটি টাকা। আইএমএফ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নিম্ন রাজস্ব-জিডিপি অনুপাতকে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করে আসছে। তাই ভবিষ্যতে ঋণচুক্তি নিয়ে সংস্থাটি আরও কঠোর শর্ত দিতে পারে। নতুন করে সরকারের সঙ্গে দর-কষাকষি হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশে। চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে (১১ মাস) রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৮০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৫ শতাংশ কম। 

গত ২১ মে অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের এক ভার্চুয়াল বৈঠকে তিন বছর মেয়াদি নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এরপর ৩ জুন আইএমএফের বাংলাদেশবিষয়ক মিশনপ্রধান আইভো ক্রিজনার এক বিবৃতিতে বলেন, ২০২৩ সালে কর্মসূচি অনুমোদনের পর বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। ব্যাংক খাতের দুর্বলতা, নিম্ন রাজস্ব আহরণ এবং নতুন সংস্কার উদ্যোগের প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট। ফলে বর্তমান চ্যালেঞ্জ ও নতুন সরকারের অগ্রাধিকারকে প্রতিফলিত করে একটি নতুন কর্মসূচি নিয়ে সমঝোতার সুযোগ তৈরি হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী মাসের মাঝামাঝি আইএমএফের একটি প্রাক্‌-মিশন ঢাকা সফরে আসবে। সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির আকার নিয়ে আলোচনা হবে। নতুন আলোচনায় রাজস্ব আহরণ বৃদ্ধি, ভ্যাট সংস্কার, করছাড় কমানো এবং কর প্রশাসনের আধুনিকায়ন গুরুত্ব পাবে। 

চলতি অর্থবছরের শুরু থেকেই রাজস্ব আদায়ের ঘাটতি ছিল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটতিও বাড়তে থাকে। সাময়িক হিসেবে চলতি অর্থবছরে ঘাটতি প্রায় ৯০ হাজার কোটি টাকা। এমন পরিস্থিতিতেও আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে এনবিআরকে চলতি বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। 

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এনবিআরের পরিসংখ্যান বিভাগের তথ্যানুসারে, চলতি অর্থবছরের গত ১১ মাসে ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। গত ১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার ৪৪২ কোটি টাকা, ঘাটতির হার ১৮ দশমিক ৪২ শতাংশ। 

লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে এনবিআরকে শেষ মাসে (জুন) চলতি অর্থবছরের গত ১১ মাসে আদায় করা রাজস্বের প্রায় ৪০ শতাংশ আদায় করতে হবে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৪১ শতাংশ বেশি। লক্ষ্য পূরণে অর্থবছরের শেষ মাস তথা চলতি জুনে আরও ১ লাখ ৪২ হাজার ৩৫৮ কোটি টাকার রাজস্ব আদায় করার কথা থাকলেও এনবিআর তা পারেনি। জুনের প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। সে হিসাবে ২০ জুন পর্যন্ত রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। গতকাল ২৯ জুন পর্যন্ত আদায়ের পর সাময়িক হিসাবে ঘাটতি প্রায় ৯০ হাজার কোটি টাকা। প্রসঙ্গত, সাময়িক হিসাবের চেয়ে প্রকৃত হিসাব কিছু কমবেশি হয়। 

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ খবরের কাগজকে বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তন, সামষ্টিক অর্থনীতির পুনর্গঠন, চরম মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগের নেতিবাচক ধারা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে রাজস্ব আদায়ে ধস দেখা দিয়েছে। এ ছাড়া লক্ষ্যমাত্রা বাড়ালেও আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে এনবিআরের সক্ষমতা বাড়ানো হয়নি। এমন অবস্থায় আগামী অর্থবছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে আশঙ্কা করছি।’ 

অর্থনীতির এই বিশ্লেষক হিসাব কষে বলেন, ১১ মাসের মতো শেষ মাসে অর্থাৎ জুনে ১০ শতাংশ রাজস্ব আদায় বেশি হলেও রাজস্ব ঘাটতি থাকবে প্রায় ১ লাখ কোটি টাকার কাছাকাছি।

নিকার বৈঠক ১ জুলাই নতুন তিন উপজেলা, ১ থানা ও  ঢাকার সীমানা পুনর্গঠন প্রস্তাব

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৪২ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৯:৫৮ এএম
নতুন তিন উপজেলা, ১ থানা ও  ঢাকার সীমানা পুনর্গঠন প্রস্তাব
ছবি: সংগৃহীত

প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করতে দেশে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠন করা হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৬টি মৌজা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সীমানা পুনর্গঠন করার উদ্যোগও নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের সড়ক ব্যবস্থাপনা উন্নত করতে বগুড়ায় নতুন সড়ক জোন প্রতিষ্ঠা করা হবে। এই তিন বিষয়সহ ছয়টি প্রস্তাব উঠছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায়। 

আগামী ১ জুলাই (বুধবার) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এদিন বেলা ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকার সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জনসংখ্যা বৃদ্ধি, ভৌগোলিক বিস্তৃতি এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দিতে এসব নতুন উপজেলা গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

একই সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবও উপস্থাপন করা হবে। প্রস্তাব অনুযায়ী, উত্তর মাদার্শা, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর এই পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন থানা গঠন করা হবে। নতুন থানার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ৮৯টি নতুন পদ সৃষ্টি এবং ৩০টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার প্রস্তাবও নথিতে অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, হাটহাজারীর বিস্তীর্ণ এলাকা ও জনসংখ্যার চাপ কমাতে নতুন থানা গঠন কার্যকর ভূমিকা রাখবে।    

এ ছাড়া রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক জটিলতা দূর করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুটি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪টি মৌজাসহ মোট ১৬টি মৌজা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সীমানা পুনর্গঠনের প্রস্তাবও নিকারে উঠছে। সরকারের মতে, প্রকল্প এলাকা বর্তমানে তিনটি জেলার মধ্যে বিভক্ত থাকায় নাগরিক সেবা, আইনশৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা, উন্নয়ন সমন্বয় এবং অবকাঠামো নির্মাণে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে পূর্বাচলকে একক প্রশাসনিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরও সহজ ও সমন্বিতভাবে বাস্তবায়ন করা যায়।

সভার আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হলো, সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠন। এ প্রস্তাব অনুযায়ী, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ, এই পাঁচটি সড়ক বিভাগ নিয়ে বগুড়ায় একটি স্বতন্ত্র সড়ক জোন প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে নওগাঁ সড়ক সার্কেল গঠনেরও প্রস্তাব রয়েছে। সরকারের মতে, উত্তরাঞ্চলের মহাসড়ক উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত, কার্যকর এবং বিকেন্দ্রীকৃতভাবে পরিচালনা করতে এ পুনর্গঠন প্রয়োজন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য নিকারের ১২১তম সভায় এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনিক পুনর্বিন্যাসের এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় প্রশাসন, সেবা প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

‘গলদে ভরা’ প্রকল্প

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:২৩ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৯:৩১ এএম
‘গলদে ভরা’ প্রকল্প
খবরের কাগজ ইনফোগ্রাফ

মোট সেতু ৮২টি। কাজ শুরু হয়েছে ৪৬টির। প্রকল্পের শুরু চার বছর আগে। এখন পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে মাত্র ১২ শতাংশ। সময় বাকি রয়েছে মাত্র এক বছর।

এখনো ১৬টি সেতুর নকশা তৈরিই হয়নি। ১ শতাংশ কাজও বাস্তবায়ন হয়নি ১৬টি সেতুর কাজ। বন্ধ রয়েছে ১২টি সেতুর নির্মাণ কাজ। দীর্ঘ সময় পার হলেও প্রকল্পের মোট কাজে অগ্রগতি নেই বললেই চলে।

‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের কাজের অগ্রগতি তদন্ত বিষয়ে আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, কারচুপি ও দায়িত্বশীলদের কর্মসম্পাদনে অবহেলার নিদারুণ চিত্র। প্রতিবেদনে দেখা গেছে, এই প্রকল্পের জন্য নিযুক্ত ঠিকাদাররা বালির পরিবর্তে মাটি ব্যবহার করেছেন। কাজ দেখভালের দায়িত্বে থাকা পরামর্শকরা দায়িত্ব পালন না করায় মাঠপর্যায়ে কাজে চরম অরাজকতা বিরাজ করছে বলে প্রতিবেদনে বলা হয়। সেখানে উল্লেখ করা হয়, পরামর্শকরা এ পর্যন্ত ১৭ কোটি টাকা নিলেও মাঠে সময় না দিয়ে এলজিইডি সদর দপ্তরের এসি রুমে সময় পার করছেন। পরামর্শকদের এ রকম দায়িত্বহীন কাজ আর্থিক শৃঙ্খলা ও সরকারি নীতিমালার পরিপন্থি ও সরকারি তহবিলের চরম অপচয়। প্রতিবেদন সম্পর্কে এক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, মনগড়া ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করা হয়েছে, তাই প্রকল্পের এই দশা!

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনে এসব তথ্য বেশ নিবীড়ভাবে তুলে ধরা হয়েছে।

২০২২ সালের ২২ মার্চ প্রকল্পটির অনুমোদন দেয় সরকার। খরচ ধরা হয় ৪ হাজার ৫০ কোটি টাকা। প্রকল্পটি ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। ৩৫ উপজেলায় ৮২টি সেতু নির্মাণে এই সময় বেঁধে দেওয়া হয়। সম্পূর্ণ সরকারি অর্থে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শুরু থেকে (২০২২ সালের ১০ আগস্ট) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. আবু জাকির সেকান্দার। প্রকল্পটি বাস্তবায়নে তার নেতৃত্বে ৪০ জন লোকবল রয়েছে। কাজের মান দেখভাল করতে ও কাজের জবাবদিহি নিশ্চিত করতে প্রতি তিন মাসে পর প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও ছয় মাস পর প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভা করার নিয়ম রয়েছে। এই চার বছরে পিআইসি সভা হয়েছে ৪টি ও পিএসসি ৪টি। ফলে পুরো প্রকল্পজুড়ে গলদ থেকেই গেছে।

এই প্রকল্পের জন্য প্রকৃত অর্থে কোনো ফিজিবিলিটি স্টাডি করা হয়নি। অনুমানের ওপর ভিত্তি করে মনগড়া সম্ভাব্যতা যাচাইয়ের ফলে শুরু থেকে প্রকল্পটি গলদের মধ্য দিয়ে চলছে। প্রকল্পের মূল বাজেটে ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি খাতে ১৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। তবে এলজিইডির নিজস্ব ডিজাইন ইউনিট দিয়ে এসব সেতুর নকশা তৈরি করা হয়েছে। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) থেকে ভেটিং নেওয়া হয়। তবে অনেক সেতুতেই গলদ থেকে যায়। প্রকল্পের ডিজাউন ও পরিকল্পনার সময় হাইড্রোলজিক্যাল (জলবৈজ্ঞানিক) ও মরফোলজিক্যাল (ভূ-গঠনিক) তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করা হয়নি, যা করা হয়েছে, বাস্তবতার সঙ্গে তা সংগতিপূর্ণ ছিল না।

এদিকে প্রতিবেদনে আরও বলা হয়, পরামর্শকরা মাঠপর্যায়ে কাজ না করায় যথাযথ তদারকি হয়নি। এর ফলে উলম্ব (ভার্টিক্যাল) ছাড়ে ভুগছে ৫টি সেতু।   

এদিকে প্রতিবেদনে আরও বলা হয়, এক শতাংশও বাস্তবায়ন হয়নি ১৫টি সেতুর কাজ। এগুলো হচ্ছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ১টি, রাজবাড়ীর কালুখালীর ১টি, চট্টগ্রামের রাউজানের ১টি, জামালপুরের মাদারগঞ্জের ১টি, সরিষাবাড়ীর ১টি, সাতক্ষীরার কালীগঞ্জের ১টি, ময়মনসিংহের হালুয়াঘাটের ১টি, নেত্রোকোনার কেন্দুয়ার ১টি, ঢাকার নবাবগঞ্জের ১টি, মানিকগঞ্জের ঘিওরের ১টি, সাটুরিয়ার ১টি, টাঙ্গাইলের বাসাইলের ১টি, মেহেরপুরের গাংনীর ১টি ও সিরাজগঞ্জের কামারখন্দের ১টি সেতু নির্মাণের কোনো কাজই শুরু হয়নি এই চার বছরে। এসব সেতু ২০ মিটার থেকে শুরু করে ৫০০ মিটার পর্যন্ত দীর্ঘ হওয়ার কথা। এ পর্যন্ত সাড়ে ৩ হাজার মিটার সেতু নির্মাণ হয়েছে, যার পেছনে খরচ হয়েছে ৪৫৪ কোটি টাকা। বাকি ১৪ হাজার ১৯৭ মিটার সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ভূমি অধিগ্রহণও করা হয়নি।

পিপিআর-২০০৮ লঙ্ঘন

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল বা ডিপিপি প্রণয়ন প্রক্রিয়ায় মাঠপর্যায়ের বাস্তব কারিগরি উপাত্ত ও জ্যামিতিক নকশার সঠিক প্রতিফলন ঘটেনি। ফলে কিছু প্যাকেজের বাস্তবায়নযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই প্রকল্পে ৪৭ পরামর্শকের মধ্যে ১৭ জনই ঢাকায় হেডকোয়ার্টারে অবস্থান করছেন। সারা দেশে কাজ হলেও তারা মাঠে সময় দেননি। এর ফলে মাঠপর্যায়ে লজিস্টিক ও টেকনিক্যাল গাইডেন্সের ঘাটতি দেখা দিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে ত্রুটি আছে।

নিশ্চিত করা হয়নি নির্মাণসামগ্রীর গুণগত মান

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিবিড় তদারকির অভাবে ঠিকাদাররা চুক্তির শর্ত ভেঙে যা ইচ্ছা তাই করছেন। গার্ডারে ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান নিশ্চিত করা হয়নি। কুমিল্লা সদর উপজেলায় গোমতী নদীর ওপর ৩১০ মিটার দীর্ঘ সেতু নির্মাণে চুক্তি ভঙ্গ করে বালির পরিবর্তে মাটি ও খোয়ার পরিবর্তে নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। গার্ডারের রড দীর্ঘ সময় উন্মুক্ত রাখায় মরিচা পড়েছে। এই উপজেলার কালখের পাড়-জনতা বাজার সেতুতে ঠিকাদারের গাফিলতি দেখা যায়। সঠিক প্রক্রিয়ায় কিউরিং হয়নি সেখানে। তবে এই সেতুর সঙ্গে সংশ্লিষ্টরা দাবি করছেন, কাজ হচ্ছে। ২০২৭ সালের জুনে পুরো কাজ শেষ হয়ে যাবে।

মাগুরা সদরে ফটকি নদীতে ভাবনহাতি ট্রিকারখালি সড়কে ১৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণেও ঠিকাদারের চুক্তির শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। সেখানে কাজ হয়েছে মাত্র ৩৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পাগলা নদীতে মনাকশাহাট রোডে ১৭২ মিটার সেতু নির্মাণে সম্পূর্ণ নদীতে বাঁধ দিয়ে সাটারিং করা হয়েছে। অন্য সেতু নির্মাণেও কিছু না কিছু ত্রুটি পাওয়া গেছে। ত্রুটিপূর্ণ পরিকল্পনা গ্রহণ, প্রকল্প ব্যবস্থাপনার দুর্বলতায় অগ্রগতি খুবই কম হয়েছে। ঠিকাদাররা ঢিলেমি করলেও তাদের চুক্তি বাতিলে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৭৬ শতাংশ অগ্রগতি হওয়ার কথা থাকলেও বাস্তবে হয়েছে ১২ শতাংশ। পরিবেশের কোনো সমস্যা না হলেও ৮২টি সেতুর মধ্যে ১৪টির টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি।

সার্বিক বিষয়ে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার খবরের কাগজকে বলেন, ‘সব প্রকল্পেই প্রথমে কাজের গতি বাড়ে না। আগে কম হলেও জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি ১৫ শতাংশ হয়েছে। ৩টা সেতুর ডিজাইন বাকি রয়েছে। আগামী বছরের জুনে মেয়াদ শেষ হলেও ১ বছর সময় বাড়ানোর প্রক্রিয়া চলছে। ফিজিবিলিটি স্টাডিতে কোনো ত্রুটি নেই। পরামর্শকরা যেখানে দরকার সেখানেই কাজ করছেন। ডিজাইনতো হেড অফিসে বসেই করতে হয়। তাদের ১৭ কোটি টাকা বেতন দেওয়া হয়েছে। সব ঠিকাদারই দায়সারা কাজ করছেন, এমনটা নয়। দুই একটা ব্যতিক্রম হতে পারে। কোথায় ত্রুটি পাওয়া গেলে তা সারানো হচ্ছে।’

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থীরা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:০০ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৯:০৬ এএম
আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের দেশি-বিদেশি শিক্ষার্থীরা। বিশেষ করে ২৯৫ জন বিদেশি শিক্ষার্থী আছেন চরম অনিশ্চয়তায়। নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস ও ইন্টার্নশিপ করতে হয় মেডিকেল কলেজের হাসপাতালেই। কিন্তু হাসপাতাল বন্ধ থাকায় শিক্ষাজীবনের এই পর্যায়গুলো বর্তমানে বন্ধ আছে। শেষ পর্যন্ত এই সংকটের দেশীয় সমাধান হলেও বিদেশি শিক্ষার্থীরা আছেন বেশি বিপাকে।

কারণ এই সমস্যা সমাধানের অপেক্ষায় তাদের এই দেশে অবস্থানের নিয়মিত খরচ চালিয়ে যেতে হচ্ছে। এদিকে বিশেষ করে বিদেশি শিক্ষার্থীরা এমন অনিশ্চয়তার মধ্যে থাকায় বিদেশে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষাব্যবস্থার সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এই সমস্যা অব্যাহত থাকলে বিদেশি শিক্ষার্থীরা এই দেশে পড়াশোনা করতে আসার ক্ষেত্রে সংশয়ে থাকবেন।

ভারতের কাশ্মীর থেকে আসা আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহরিম গত বৃহস্পতিবার দৈনিক খবরের কাগজকে বলেন, মেডিকেলসংক্রান্ত ভারতীয় আইন অনুযায়ী বিদেশে পড়া শিক্ষার্থীদের একই কলেজের অধীন হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করা বাধ্যতামূলক। তাই এই পর্যায়ে তার মেডিকেল পড়া সম্পন্ন হতে চললেও ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

একই বর্ষের আরেক শিক্ষার্থী বাংলাদেশি নাগরিক ফারহা জামান পূর্বাশা বলেন, একই আইন বাংলাদেশের ক্ষেত্রেও। তাই তাদের ক্ষেত্রে একই অনিশ্চয়তা রয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের কেউ কেউ এখন অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের চেষ্টা করছেন। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে শিক্ষার্থী পূর্বাশা বলেন, নিয়মের পরিবর্তন না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা তো থেকেই যায়, অর্থাৎ নিজ প্রতিষ্ঠানেই ইন্টার্নি ও ক্লিনিক্যাল ক্লাস করতে হবে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল গতকাল রবিবার দৈনিক খবরের কাগজকে বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের অন্য মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করতে সরকার চিঠি দিয়ে আমাদের নির্দেশনা দিয়েছে। কিন্তু বিদ্যমান আইনে আমরা তা করতে পারি না। বিষয়টি চিঠি দিয়ে আমরা সরকারকে জানিয়েছি। এর পরিপ্রেক্ষিতে সরকার কী বলে, তা জানার অপেক্ষায় আছি।’

সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১১ জুন আদ্-দ্বীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠান আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন স্থগিত করে স্বাস্থ্যসেবা অধিদপ্তর। ফাউন্ডেশনের সহকারী পরিচালক (মেডিকেল) মো. সিদ্দিকুর রহমান সুমন বলেন, ‘ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আশা করি ইতিবাচক কিছু হবে।’

তিনি জানান, কলেজের বিদেশি শিক্ষার্থীদের প্রায় সবাই ভারতীয়। ২৯৫ বিদেশি শিক্ষার্থীর মধ্যে ৮৬ জন ইন্টার্ন এবং ২০৯ জন মেডিকেল শিক্ষার্থী।

এদিকে নিজেদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পেশা জীবনের এমন অনিশ্চয়তা কাটাতে গত সোমবার স্বাস্থ্যসেবা অধিদপ্তর ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরে যান বিদেশি শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। যদিও দীর্ঘ অপেক্ষার পরও দুই অধিদপ্তরের কোনো মহাপরিচালকের দেখা পাননি তারা।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের (এনএমসি) নীতিমালা অনুযায়ী একই কলেজ থেকে কোর্স সম্পন্ন করা এবং ইন্টার্নশিপ নিশ্চিতের বাধ্যবাধকতা রয়েছে। এমন বাস্তবতায় ডিগ্রির কার্যকারিতা হারানোর আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশের শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় সরকার যদি নিয়মে পরিবর্তন আনে, তাতে হয়তো বাংলাদেশের শিক্ষার্থীরা অন্য মেডিকেলে ইন্টার্নশিপ সম্পন্ন করতে পারবেন। কিন্তু বিদেশি শিক্ষার্থীদের অনিশ্চয়তা রয়েই যাবে। তাই তারা অনিশ্চয়তায় ভুগছেন বেশি। বিদেশি শিক্ষার্থীরা অনিশ্চয়তায় থাকলে তা ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থী বাংলাদেশে আসার সম্ভাবনা কমিয়ে দিতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ-সংক্রান্ত চলমান বিষয়াবলি ও সৃষ্ট জটিলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। গত বুধবার সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি মেডিকেল শিক্ষার্থীরা দেশের প্রচলিত আইন, বিধিবিধান ও একাডেমিক নীতিমালা অনুসরণ করে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে থাকেন। তাই তাদের ইন্টার্নশিপ-সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানবিক, একাডেমিক ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও উল্লেখ করেন, বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বিষয়ে দীর্ঘসূত্রতা বা অনিশ্চয়তা তাদের পেশাগত জীবন, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের চিকিৎসা শিক্ষাব্যবস্থার ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসা শিক্ষা প্রদানের মাধ্যমে একটি ইতিবাচক অবস্থান তৈরি করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জিত এই সুনাম ধরে রাখতে বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পন্ন করার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য, ন্যায়সংগত ও টেকসই সমাধান নিশ্চিত করা প্রয়োজন, যেন বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও পেশাগত অগ্রগতি কোনোভাবেই ব্যাহত না হয়। দেশের চিকিৎসা শিক্ষাব্যবস্থার আন্তর্জাতিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং বেসরকারি মেডিকেল শিক্ষার সুনাম বজায় রাখতে এই সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান জরুরি বলে মনে করে সংগঠনটি।