ভারতের দেওয়া মাত্র ১০৭ রানের লক্ষ্য ৮ উইকেটে টপকে ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতল নিউজিল্যান্ড। সবশেষ ১৯৮৮ সালে ভারতের মাটিতে টেস্ট জিতেছিল কিউইরা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা।
গতকাল ৫৪ রানে ভারতের শেষ ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। সরফরাজ খানের ১৫০ ও ঋষভ পন্তের ৯৯ রানের পরও ৪৬২ রানে অলআউট হওয়া ভারত লিড নেয় ১০৬ রান। প্রথম ইনিংসে ৪৬ রানে ভারতকে অলআউট করে নিজেদের প্রথম ইনিংসে ৪০২ রান করে নিউজিল্যান্ড। ফলে এই লক্ষ্য খুবই সামান্য হয়ে দাঁড়ায় ব্ল্যাকক্যাপসদের জন্য।
চতুর্থ দিন চা-বিরতির পর ভারতকে অলআউট করে ব্যাটিংয়ে নেমে বৃষ্টি আসার আগে কেবল চার বল ব্যাটিং করার সুযোগ পায় নিউজিল্যান্ড। তাতে কোনো রান যোগ হয়নি এবং উইকেটও হারায়নি সফরকারীরা।
পঞ্চম দিনে ব্যাট করতে নেমে দিনের দ্বিতীয় বলেই অধিনায়ক টম লাথামের উইকেট হারায় কিউইরা। বুমরাহর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। পারেননি রানের খাতা খুলতে। এমনকি দলের বোর্ডের কোনো রান যোগ হয়নি তখন।
ধীরস্থিরভাবে খেলার চেষ্টা চালান ডেভন কনওয়ে ও উইল ইয়াং। তাদের হাত খুলে খেলার সুযোগ দেননি জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা। ক্ষুদ্র লক্ষ্য হলেও দারুণ লাইন ও লেন্থ বজায় রেখে বল করেন এই দুই পেসার। লক্ষ্য বড় না হওয়ায় ঝুঁকি নেওয়ার প্রয়োজন ছিল না সফরকারী ব্যাটারদেরও। এরপরও আউট হয়েছেন কনওয়ে। ৩ চারে ১৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে। ভাঙে কনওয়ে-ইয়াংয়ের ৩৫ রানের জুটি।
এরপর অবশ্য রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে অনায়াসে সামলেছেন ইয়াং ও নতুন ব্যাটার রাচিন রবীন্দ্র। বাবার শহরে প্রথম ইনিংসে শতক হাঁকানোর পর ৩৯ রানে অপরাজিত থেকে জয়ও ছিনিয়ে আনলেন এবার। উইল ইয়াং অপরাজিত ছিলেন ৪৮ রানে। তিনিই খেলেন উইনিং শট।
৩৬ বছর পর পাওয়া এই জয়ে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।