ভারতকে প্রথম টেস্টে ১৫০ রানে অলআউট করে দিয়ে প্রথম দিন নিজেরাও হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। স্কোরবোর্ডে ৬৭ রান যোগ করে দিন শেষ করে অস্ট্রেলিয়া। স্টার্ক-হ্যাজলউডদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন জাসপ্রিত বুমরাহ।
প্রথম দিনই ৭ উইকেট হারিয়ে ফেলায় শঙ্কা তৈরি হয় অজিদের ১০০ রান ছুঁতে পারা নিয়ে। দ্বিতীয় দিন শঙ্কা দূর করা গেলেও বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা। মাত্র ১০৪ রানে অলআউট হয়ে ভারতকে ৪৬ রানের লিড উপহার দিয়েছে তারা।
দ্বিতীয় দিন দলের স্কোর ৩ রান যোগ হতেই অ্যালেক্স ক্যারির উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। এই উইকেট দিয়ে ফাইফার তুলে নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। এটি তার ক্যারিয়ারের দশম ফাইফার এবং অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়।
অজিদের অস্টম উইকেটের পতন ঘটে হার্শিত রানা নাথান লায়নকে ফেরালে। ৫ রান করে আউট হন লায়ন আর নবম উইকেট হারায় তারা দলীইয় ৭৯ রানে।
মিচেল স্টার্ক দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন। তিনিও আউট হন রানার বলে। তার বিদায়েই ১০৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। আর তাতেই ৪৬ রানের লিড পায় ভারত। বুমরাহ ৫, সিরাজ ২ ও রানা শিকার করেন ৩ উইকেট।
এর আগে, প্রথম দিন ভারতকে দ্রুত অলআউট করে ব্যাটিং করতে নেমে ভারতীয় পেসারদের তোপের মুখ পড়ে অজিরা। ৫০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বসে তারা।
প্রথম দিন দুইয়ের অঙ্ক পার হতে পারেন কেবল নাথান ম্যাকসুয়েনি (১০), ট্রাভিস হেড (১১) এবং অ্যালেক্স ক্যারি অপরাজিত ছিলেন ১৯ রানে। গোল্ডেন ডাক মেরেছেন স্টিভ স্মিথ। ব্যর্থ হয়েছেন উসমান খাজা, লাবুশেন, মিচেল মার্শরাও।