ভারতের বিপক্ষে যেকোনো সংস্করণেরই হুমকির নাম ট্রাভিস হেড। চলমান সিরিজেও আছেন দারুণ ফর্মে। তবে বক্সিং ডে টেস্টে তাকে একাদশে পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা।
তবে ম্যাচের একদিন আগে একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিল এই মুহূর্তে পুরোপুরি ফিট আছেন। তাকেসহ একাদশ ঘোষণা করেছে অজিরা।
অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘হেড ভালো আছে। সে খেলবে। সে দু’দিন কিছু পরীক্ষার মধ্য দিয়ে গেছে। পুরো ফিট হয়েই সে ম্যাচ খেলতে পারবে। এ নিয়ে কোন দুশ্চিন্তা নেই।’ এর আগে অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, হেডের খেলা নিয়ে সামান্য অনিশ্চয়তা রয়েছে।’
চলমান টেস্ট সিরিজে সবকটিতে মাঠে নেমেছেন হেড। ৩ টেস্টের ৫ ইনিংসে তার নামের পাশে ৪০৯ রান। করেছেন দুটি সেঞ্চুরিও। চতুর্থ ম্যাচের আগে ঊরুর মাংসপেশির চোটে পড়ায় তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে এখন আর কোনো শঙ্কা নেই।
কামিন্স জানিয়েছেন, সামান্য অস্বস্তি হেডের থাকলেও ব্যাটিংয়ের সময় তা বড় হয়ে দেখা দেবে না। তবে তাকে ফ্রেশ রাখতে ফিল্ডিংয়ের সময় দূরে রাখতে পারেন অধিনায়ক কামিন্স।
বক্সিং ডে টেস্টে অভিষেক হতে যাচ্ছে ১৯ বছর বয়সী স্যাম কনসটাসের। তাকে নিয়েই একাদশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, স্যাম কনসটাস, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিশেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, নাথান লায়ন, স্টক বোল্যান্ড।