বর্ডার গাভাস্কার ট্রফির চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচ চলছে সিডনিতে। যে ম্যাচে একাদশে নেই ব্যাট হাতে বাজে সময় পার করা নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। সবশেষ ৬ ইনিংসে তার ব্যাটে এসেছে মাত্র ৬৫ রান।
বারবার ব্যর্থ হওয়ায় তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে, নাকি তিনি নিজেই সরে গেছেন। এ বিষয়ে তিনি কথা বলেছেন মধ্যাহ্ন বিরতিতে সম্প্রচারপ্রতিষ্ঠান স্টার স্পোর্টসের সঙ্গে।
সেখানেই তাকে সিরিজের শেষ টেস্টে না খেলার কারণ জিজ্ঞেস করা হয়। সেই প্রশ্ন শুনে হাসতে হাসতে রোহিত জবাব দেন, ‘প্রশ্ন শুনে হাসতে হাসতেই রোহিত বললেন, ‘তিনটার কোনোটাই নয়।’
পরে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তার না খেলার কারণ, ‘আমি সরে দাঁড়িয়েছি। এখানে আমি একটা কথা বলব, আর বাইরে থেকে মানুষ সেটা ৫০ রকম ব্যাখ্যা করবে। আমার সঙ্গে কোচ ও নির্বাচকের যে কথা হয়েছে, সেটা একদম সোজাসাপটা। আমার ব্যাটে এই মুহূর্তে রান নেই। আর ম্যাচটা দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন ফর্মে থাকা খেলোয়াড় দরকার।আমাদের ব্যাটিং লাইনআপ রানের মধ্যে নেই যে একজন ফর্মে না থাকা খেলোয়াড়কে বহন করে যাবে। আমার মনে হয়েছে কোচ ও নির্বাচকদের আমারই বলা উচিত। তারা আমার সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।’
ভারতের অধিনায়কের এমন সিদ্ধান্তের কথা শুনে দলের কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার কি বলেছেন সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন রোহিত, ‘তারা আমাকে বলেছেন, তুমি এত বছর ধরে খেলছ, কী করছ, সেটার বড় বিচারক তুমি নিজেই।’
শর্মার জায়গায় প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও অধিনায়ক হিসেবে টস করতে আসা জাসপ্রিত বুমরাহ জানিয়েছিলেন, রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে।