বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে উইকেটের পতন হয়েছে মোট ১৫টি। যার মধ্যে ৯টি অস্ট্রেলিয়ার আর বাকি ৬ উইকেট দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতের। দিনশেষে ভারতের লিড দাঁড়িয়েছে ১৪৫ রানের। লিড নিলেও সুবিধাজনক অবস্থানে নেই ভারত।
ভারত দিন শেষ করেছে ৬ উইকেটে ১৪১ রান করে। অজিদের ১৮১ রানে অলআউট করে ৪ রানের লিড পাওয়া ভারতের লিড এখন ১৪৫। রবীন্দ্র জাদেজা ৮ আর ওয়াশিংটন সুন্দর অপরাজিত আছেন ৬ রানে।
ভারতের হয়ে ঋষভ পন্ত দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের দেখা পেয়েছে সিডনিতে। ৩৩ বলে ৬১ রানের ইনিংস ফিফটি করেছেন ২৮ বলে। এই ইনিংস খেলে দ্রুত ভারতের লিড বাড়ানোর চেষ্টা করেন ৫৯ রানে ৩ উইকেট হারানোর পর মাঠে নামা পন্ত। ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল ২২, আরেক ওপেনার রাহুল ও তিনে নামা শুভমান গিলের ব্যাটে এসেছে সমান ১৩ রান।
কোহলি করেছেন ৬ রান। ৬টি চার ও ৪টি ছয়ে ৬১ রানের ইনিংস খেলে পন্তের বিদায়ের পর নিতিশ কুমার রেড্ডিও টিকতে পারেন। ২১ বলে ৪ রান করে বোল্যান্ডের বলে ক্যাচ দিয়েছেন কামিন্সকে। কেবল রেড্ডি নয়, জয়সওয়াল, রাহুল, কোহলির উইকেটও শিকার করেছেন তিনি। নিতিশের আউটের পর আর মাত্র ৪.৩ ওভার খেলা হয়। ২৭ ওভার ব্যাটিং করা ভারতের রান এখন ৬ উইকেটে ১৪১ আর লিড ১৪৫।
এর আগে, এদিন অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অলআউট করে দিয়ে ৪ রানের লিড পায় প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হওয়া জাসপ্রিত বুমরাহর দল। ভারতের হয়ে ৩টি করে উইকেট পান প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ। জোড়া উইকেট পেয়েছেন জাসিপ্রিত বুমরাহ ও নিতিশ কুমার রেড্ডি।