কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদে গুলিতে পর্যটকসহ ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্কে চলছে অস্থিরতা। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছে ভারতের সাধারণ জনগণ থেকে তারকারাও।
অনেক সাবেক ক্রিকেটার আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে কোনো খেলা না রাখার অনুরোধ করেছেন আইসিসিকে। এই দাবির পক্ষে অবস্থান নিয়ে এশিয়া কাপে পাকিস্তানের খেলার কোনো সম্ভাবনাই দেখছেন না ভারতের এই কিংবদন্তী।
চলতি বছরের সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাচ্ছে এশিয়া কাপ। এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেছেন, ‘বিসিসিআই সবসময় ভারত সরকারের নির্দেশনা মেনে চলে। আমার মনে হয় না, এশিয়া কাপের ক্ষেত্রে ভিন্ন কিছু হবে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আগামী এশিয়া কাপ আয়োজন করবে। তাই পুরোটাই নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। বর্তমান পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, তাহলে আমি অন্তত এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না।’
শুধু যে পাকিস্তানকে আসন্ন এশিয়া কাপে দেখছেন না এমনটা নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙে যাওয়ারই আশংকা করছেন গাভাস্কার, ‘এরপর কী হবে জানি না। হয়তো এসিসি ভেঙে দেওয়া হবে। তিনটি দেশকে নিয়েই হয়তো খেলা হবে। পাশাপাশি হয়তো হংকং এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হবে। আগামী কয়েক মাসের পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করবে। এসিসি ভেঙে গেলে আমি অন্তত অবাক হব না। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ভালো না হলে খেলার ক্ষেত্রেও সমস্যা হয়।’
অদূর ভবিষ্যতে ভারত-পাকিস্তানের খেলা হওয়ার সম্ভাবনা নেই গাভাস্কারের মতে, ‘এমনও হতে পারে যে, ভারতই এসিসি থেকে বেরিয়ে গেল! চার বা পাঁচটি দেশকে নিয়ে টুর্নামেন্ট হতে পারে। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে। বাংলাদেশ বা শ্রীলঙ্কা আয়োজক হলে হয়তো অন্যরকম হতো। কিন্তু এবারের আয়োজক ভারত।’