এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে ভারত। সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে তাদের সূচনাটা হয়েছে উড়ন্ত। মাত্র ৫৭ রানে অলআউট হওয়া আমিরাত ম্যাচে হেরেছে ২৭ বলে।
ভারতের পরবর্তী ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১৪ সেপ্টেম্বর। তবে এই ম্যাচের আগে ভারতে ম্যাচ বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, চার আইনের শিক্ষার্থী এই পিটিশন দায়ের করেছে। শিক্ষার্থীদের নেতৃত্বে আছেন উর্বশী জৈন।
দায়ের করা পিটিশনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলে বন্দুকধারিদের হামলায় পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে আক্রমণ করে ভারত। সেই আক্রমণের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর।’ সেই ঘটনার পর এত দ্রুত ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন জাতীয় মর্যাদা ক্ষুণ্ন করছে। একই সঙ্গে এটি সাধারণ নাগরিক ও শহীদ সেনাদের আত্মত্যাগকেও অবমূল্যায়ন করছে।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক জনস্বার্থ মামলা (পিআইএল)-তে বলা হয়েছে, ‘সৈন্যদের আত্মত্যাগ, নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না ক্রিকেট।’
এ কারণে ভবিষ্যতে যেন জাতীয় স্বার্থ ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ২০২৫ সালের ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট দ্রুত কার্যকরের দাবি জানানো হয়েছে। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে এ নিয়ে শুনানি চাওয়া হলেও সুপ্রিম কোর্ট জরুরি শুনানিতে রাজি হয়নি। পিআইএল এমন এক আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে কেউ বৃহত্তর সমাজের স্বার্থে আদালতের শরণাপন্ন হতে পারেন।
নিলয়/