ভারত-পাকিস্তান ম্যাচ হ্যান্ডশেক বিতর্কে অ্যান্ডি পাইক্রফটের ওপর চটেছিল পাকিস্তান। ভারতের পক্ষপাতি হওয়ার অভিযোগ তুলে তাকে সরিয়ে নেওয়ার দাবি জানায় পাকিস্তান দল। প্রতিবাদ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দেরিতে মাঠে নামে দলটি। পরে খবর চাউর হয় পাইক্রফট দুঃখপ্রকাশ করেছেন সালমান আলি আগার কাছে। যদিও সেটি সত্য নয় বলেও বেরিয়েছিল খবর।
এদিকে, আপত্তি জানানো পাইক্রফটই সুপার ফোরে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ভারত-পাকিস্তানের। আগামীকাল (১৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একে-অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি। সেই ম্যাচেও দায়িত্ব পেয়েছেন পাইক্রফট।
টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমানকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করায়, সেটি মেনে নিতে পারেননি তিনি। ম্যাচ শেষে জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে অপসারণের দাবি তোলে পাকিস্তান ক্রিকেট। তবে পিসিবির সেই দাবি মানেনি আইসিসি।
পরে আরেকটি চিঠি দিলেও খারিজ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাতে আরও বেশি চটে যায় পাকিস্তান। সেই ক্ষোভ থেকে আরব আমিরতের বিপক্ষে ম্যাচে এক ঘণ্টা দেরিতে মাঠে নামে দলটি। তৈরি হয়েছিল ম্যাচ মাঠে না গড়ানোর শঙ্কাও।
ম্যাচ রেফারি পাইক্রফট ক্ষমা চেয়েছে এমন দাবি করে মাঠে ফেরে পাকিস্তান। তবে আইসিসির মেইলের বরাতে ভারতের সংবাদ মাধ্যমের দাবি, ক্ষমা চাননি জিম্বাবুইয়ান ম্যাচ রেফারি।
নিলয়/