পৃথিবী বিখ্যাত সুপারহিরো সুপারম্যান। এ কথা তো সবারই জানা। বিশেষ করে টিনএজারদের কাছে সুপারম্যান এক ভালোবাসার নাম। হবেই না বা কেন। সুপারম্যান সিরিজের কমিক, সিনেমাগুলো তৈরিই হয়েছে মূলত টিনএজ পাঠক-দর্শকদের কেন্দ্র করে। শৈশব, কৈশোরে সুপারম্যানের সিনেমা দেখেনি এমন মানুষ হয়তো কমই আছেন। তবে সুপারম্যান নিয়ে মজার কিছু তথ্য হয়তো অনেকেই জানেন না। এমন কিছু অজানা কথা জেনে নাও আজকের লেখায়।
খলনায়ক হতে পারত সুপারম্যান
সুপারম্যান আমাদের কাছে সৎ, মানবিক, দায়িত্বশীল ও পরোপকারী বন্ধু চরিত্র হিসেবেই পরিচিত। মজার বিষয় হলো সুপারম্যানকে শুরুতে ইতিবাচক চরিত্র হিসেবেই ভাবেননি চরিত্রের নির্মাতা জেরি সিজেল এবং জো শুস্টার। ১৯৩৩ সালে জেরি সিগেল ‘দ্য রেইন অব দ্য সুপারম্যান’ নামে একটি গল্প প্রকাশ করেন। যেখানে সুপারম্যান ছিল ক্ষমতার নেশায় মত্ত এক ভবঘুরে। যার উদ্দেশ্য সুপার ন্যাচারাল ক্ষমতা ব্যবহার করে বিশ্ব দখল করা। তবে এই গল্পে মোটেই সফল হতে পারেননি নির্মাতারা। পরবর্তী সময়ে আমেরিকার কমিক প্রকাশনা সংস্থা ডিসি কমিক তাদের চরিত্রটির পুনর্নির্মাণ করতে প্রস্তাব দেন। এরপরই আমরা দেখতে পাই এ সময়ের ইতিবাচক সুপারম্যান চরিত্র।
বিশ্বযুদ্ধে সুপারম্যানের ওপর সেন্সর
সারা বিশ্বে তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব। যুদ্ধে নিজেদের শক্তি প্রয়োগে ‘টপ সিক্রেট ম্যানহাটন প্রজেক্ট’ নামে একটি পারমাণবিক বোমা তৈরির প্রকল্প চালাচ্ছিল আমেরিকা। এ সময় সুপারম্যান সিরিজের নতুন কমিক গল্পে পাওয়া যায় পারমাণবিক বোমার নাম। যেখানে সিরিজের খলনায়ক লেক্স লুথার একটি আক্রমণ সংঘটন করার সময় সেটিকে পারমাণবিক বোমার আক্রমণ বলে অভিহিত করেন। যদিও কাল্পনিক এই পারমাণবিক আক্রমণ ছিল বাস্তব থেকে একেবারেই ভিন্ন। তবে সে সময় আমেরিকার সামরিক বিভাগ এই কমিক গল্প প্রকাশে সেন্সর জারি করে।
নির্মাতারা সুপারম্যানকে বিক্রি করে ১৩০ ডলারে
জেরি সিজেল এবং জো শুস্টার সুপারম্যান চরিত্রের স্রষ্টা হলেও তাদের কোনো স্বত্বাধিকারই ছিল না। মাত্র ১৩০ ডলারে ডিসি কমিকের কাছে সুপারম্যান সিরিজের রয়্যালটি বিক্রি করে দেন নির্মাতারা। এমনকি যেকোনো সময় সুপারম্যানের লেখকও বদল হতে পারে জানিয়ে দেয় ডিসি কমিক। পরবর্তী সময়ে সিগেল আরও অর্থ দাবি করলে প্রকাশক জানান, এই সিরিজ থেকে তাদের যৎসামান্যই আয় হয়েছে। তবে ডিসি কমিকের সর্বকালের সেরা সুপারহিরো চরিত্র সুপারম্যান। আর এখন সেটা কে না জানে!
চার দিনব্যাপী সুপারম্যান উৎসব
প্রতি বছর জুন মাসের ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত উদযাপন করা হয় সুপারম্যান উৎসব। এই উৎসবের আয়োজন করা হয় সুপারম্যানের বাড়ি হিসেবে পরিচিত আমেরিকার মেট্রোপলিস শহরে। ১৯৯৩ সাল থেকে শুরু হওয়া উৎসবে অংশ নিতে মেট্রোপলিসে জড়ো হয় বিভিন্ন দেশ থেকে আগত ছোট-বড় বয়সের সুপারম্যানের ভক্ত-অনুরাগীরা। উৎসবে উপস্থিত হয় সুপারম্যান সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। তারকাদের সঙ্গে সাক্ষাৎ, সুপারম্যানের থিমে পোশাক, কমিক শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক আলোচনা ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এই উৎসব।
বাস্তবেই রয়েছে সুপারম্যানের ‘মেট্রোপলিস’ শহর
কমিক সিরিজ ও সিনেমায় সুপারম্যান বাস করত পৃথিবীর এক কাল্পনিক শহর মেট্রোপলিসে। কাকতালীয়ভাবে ডিসি কমিকসে ব্যবহার করা সুপারম্যানের শহরের নামে রয়েছে বাস্তবেই একটি শহর। আমেরিকার ইলিনয় রাজ্যের দক্ষিণে অবস্থিত ছোট একটি শহর হলো মেট্রোপলিস। ১৯৭২ সালে ডিসি কমিকস এবং ইলিনয় রাজ্যের সভাপরিষদ বাস্তবের মেট্রোপলিস শহরকে সুপারম্যানের শহর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। মেট্রোপলিস শহরের প্রাণকেন্দ্রে নির্মাণ করা হয় সুপারম্যানের স্ট্যাচু ও সুপার মিউজিয়াম। শুধু তাই নয়। এই শহরের পুলিশ সদস্যদের পোশাকের আস্তিনেও ব্যবহার করা হয় সুপারম্যান প্রতীকের ব্যাজ।