টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত অবস্থায় কামাল হোসেন (৪৬) নামে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সকালে ট্রেনিং সেন্টার মাঠে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে দুপুরে তার মৃত্যু হয়।
কামাল হোসেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার পাকডাল গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে। কামাল হোসেন তিন সন্তানের জনক।
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, রবিবার ছিল প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত পরীক্ষা। প্রথম পরীক্ষায় এক কিলোমিটার দৌড়ানোর পর দ্বিতীয় পরীক্ষার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আলমগীর হোসেন বলেন, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। ইসিজি করার সময় তার মৃত্যু হয়।
মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেট উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. নজরুল ইসলাম বলেন, কামাল হোসেনের মৃত্যুর পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত ডিআইজি আশরাফুল আলমকে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।