‘সামাজিক সুরক্ষায় রক্ষাকবচ সর্বজনীন পেনশন স্কিম’, স্লোগানে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের জন্য চাঁদপুর জেলায় একযোগে ২২৭টি রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে একযোগে এসব রেজিস্ট্রেশন বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এর মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ৯টি, সহকারী কমিশনার ভূমি অফিসে ৮টি, পৌরসভায় ৭টি, ইউনিয়ন পরিষদে ৯৩টি, ইউনিয়ন ভূমি অফিসে ৬৫টি, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি, সিটি ব্যাংকে ৪টি, মতলব দক্ষিণ থানায় ১টি এবং উপজেলার অন্যান্য অফিসে ৪টি।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে দেশের প্রাপ্তবয়স্ক নাগরিক পেনশন সুবিধা নিতে পারবেন। শারীরিক অক্ষমতার সময় পেনশন আপনাকে স্বাচ্ছন্দ্য এনে দিবে। সরকারের সর্বজনীন পেনশন স্কিম অবসর বয়সে আপনার জীবন সাজাতে দায়িত্ব নেবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইমরান শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।