কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বাবা ও ছেলে।
সোমবার (২১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইমন চৌধুরী।
নিহতরা হলেন- গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান- আবছার ডাকাত ও শাহীন ডাকাত গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার এবং বার্মিজ গরু চোরাচালান নিয়ে বিরোধ চলছিল। ঘটনাস্থলে শাহীন ডাকাত গ্রুপের ১৪-১৫ জন চোরাচালানের গরু পার করার উদ্দেশ্যে অবস্থান করার সময় আবছার ডাকাত গ্রুপের ২০-২২ জন দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে অতর্কিত হামলা করে। এতে সেলিম গুরুতর আহত হয়ে চিৎকার দিলে তার বাবা জাফর আলম ছেলেকে উদ্ধারে এগিয়ে যায়। এ সময় আবছার গ্রুপের লোকজন তাকেও মারধর এবং গুলি করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মুহিবুল্লাহ/অমিয়/