কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার (৯ জুন) সকাল ৮টার দিকে জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকার ৬৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মো. আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত চারু মিয়ার ছেলে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত খন্দকার বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রবিবার সকাল আটটার দিকে জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে তারা জানতে পারেন বিএসএফের গুলিতে আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।
বাকশীমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছেন। শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কাঁটাতারের বেড়া এলাকায় গিয়ে ভারতীয় অংশে আনোয়ারের মরদেহ দেখতে পান।
তিনি বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি রবিবার সকালে সীমান্ত এলাকায় যান আনোয়ার। সেখানে প্রথমে বিএসএফ আনোয়ারকে ডাক দেয়। আনোয়ার বিএসএফের ডাকে সাড়া না দিলে প্রথমে একটি গুলি করে। পরে অন্তত ১০ মিনিট পর আরও একটি গুলি চালানো হয়।’
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত খন্দকার খবরের কাগজকে বলেন, ‘মরদেহ ভারতীয় সীমান্তে পড়ে আছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ নিয়ে আসা হতে পারে।’
জহির শান্ত/ইসরাত চৈতী/অমিয়/