মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে রেজাউল করিম (৪৮ নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (৩১ মে) দুপুরে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দোলন বিশ্বাস।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের জিআরও (শিবালয় থানা) ফারুক হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের ৬ষ্ঠ এক শ্রেণির শিক্ষার্থীকে খাবারের প্রলোভন দেখিয়ে ২৭ মে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে দাসকান্দি গ্রামের আলাল চেয়ারম্যানের বাড়ির একটি কক্ষে নিয়ে যান রেজাউল। সেখানে নিয়ে শিশুটিকে ধারালো ছুরির ভয় দেখিয়ে পরদিন সকাল পর্যন্ত চারবার বলাৎকার করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি গিয়ে ঘটনা বললে মা-বাবা অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর পর অবস্থা খারাপ হলে চিকিৎসকের পরামর্শে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার ভুক্তভোগীর বাবা শিবালয় থানায় অভিযোগ করলে পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, 'ভিকটিমের বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে করিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'
আসাদ/মেহেদী/