সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দুদকের সিলেট কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। এক ঘণ্টাব্যাপী এ অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশন ব্যবস্থা, প্যাথলজি বিভাগ পরিদর্শন ও এসব বিভাগের সকল নথিপত্র খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা।
অভিযান পরিচালনাকালে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতালজুড়ে অপরিচ্ছন্নতা, আউটসোর্সিংয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম, কর্মচারীদের বেতন তিন মাস ধরে বকেয়া রাখা, রোগীদের নির্ধারিত খাবার মেনুর চেয়ে কম দেওয়া, হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করা, রোগীদের প্রয়োজনীয় ওষুধ না দেওয়া, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে প্রতিটি অ্যাম্বুলেন্স থেকে মাসে বাড়তি ১ হাজার ৮০০ টাকা নেওয়া।
দুদকের কর্মকর্তারা জানান, অভিযানে পাওয়া এসব অভিযোগের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।
উল্লেখ্য, সিলেট বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ৯০০ রোগীর ধারণক্ষমতা সম্পন্ন এই হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০০০ রোগী সেবা নেন। পাশাপাশি হাসপাতালের আউটডোর প্রতিদিন প্রায় ২৫০০ রোগী সেবা নেন।
শাকিলা ববি/এসএন