চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের রান্না ঘরে তেলাপোকা, ইঁদুরের উৎপাত ও স্যাঁতসেঁতে পরিবেশে খাবার তৈরি করায় কাচ্চি ডাইনকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।
তিনি বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছিল কাচ্চি ডাইন। অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। তেলাপোকা ও ইঁদুরের উৎপাত দেখা যায়। রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্য-কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামের খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, ‘নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে আমরা অভিযান করছি। অভিযানে কাচ্চি ডাইন নামের রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম দেখতে পাই। এসব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।’ এ ধরণের রেস্টুরেন্ট এড়িয়ে চলার জন্য ভোক্তাদের তিনি আহ্বান জানান।
নাঈম/