ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩৬ আসামির আদালতে সাক্ষ্য দিয়েছেন ১০ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত মো. মিজানুর রহমানের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ হয়।
আসামিপক্ষের আইনজীবী রাশেদুল আলম রাশেদ খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে আজ ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এছাড়া ৩৬ আসামির মধ্যে ১০ জন এসময় উপস্থিত ছিলেন বিচারকের সামনে।
সাক্ষ্যদানকারীরা হলেন, ইউসিবিএল ব্যাংকের এভিপি মো. শাহজাহান চৌধুরী, ক্যাশ অফিসার মো শাহজাহান চৌধুরী, এভিপি মো মিজানুর রহমান, এভিপি জামাল উদ্দিন, এক্সিকিউটিভ অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, ভিপি মোহাম্মদ জসিম উদ্দিন, ভিপি মোহাম্মদ নাসির, ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অজয় কিশোর দাশ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শহীদুল ইসলাম, এবং এক্সিকিউটিভ অফিসার আবদুল মাজেদ চৌধুরী।
আদালতে হাজির থাকা আসামিরা হলেন, অপরুপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, ইলিয়াস তালুকদার, একরাম উল্লাহ, মীর মেজবাহ উদ্দিন হোসাইন, জিয়াউল করিম খান, উৎপল পাল, মো সুমন। বাকী ২৬ জন আসামী পলাতক থাকায় তাদের পক্ষে কোন জেরা হয়নি।
তথ্যমতে, গত ৫ এপ্রিল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান সাক্ষ্য প্রদানের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করেন। এর আগে গত ১১ মার্চ ২০২৬ তারিখে আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল। মামলা বিবরণে বলা হয়, ভুয়া নথিপত্র ব্যবহার করে 'ভিশন ট্রেডিং' নামের একটি প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার লোন নিয়ে তা পাচার করা হয়।
এই বিষয়ে দুদকের বিশেষ পিপি মোকাররম হোসাইন জানান, আসামিদের বিরুদ্ধে ১০ সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন।
এসএন/


