আইএমএফের সুপারিশ মানলে শিল্পে উৎপাদন খরচ বাড়বে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। আমদানিতে শুল্ক কমানো, ভ্যাট অব্যাহতি ও কর অবকাশ সুবিধা বহাল রাখার দাবিও করেছেন ব্যবসায়ীরা। চাহিদামতো এলসি খোলার সুযোগ পাচ্ছেন না ব্যবসায়ীদের অনেকেই। শিল্প খাতে উৎপাদন খরচ বেড়েছে। এ অবস্থায় শিল্পের বিভিন্ন খাতে রাজস্ব বৃদ্ধির জন্য আইএমএফের চাপের বিরোধিতা করছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, সর্বস্তরে রাজস্ব বাড়ানোর চাপ বাস্তবায়ন করা হলে দেশের শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজেটে নেওয়া পদক্ষেপের কারণে রাজস্ব বাড়ানো হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরাও একই মত দিয়েছেন। শিল্পের অনেক খাতেই রাজস্ব (কর, ভ্যাট ও শুল্ক) অব্যাহতি কমানো ও প্রত্যাহার করা হচ্ছে। এতে কর, ভ্যাট ও শুল্ক বেড়ে যাবে। আগামী বাজেটে শিল্প খাতে কর, ভ্যাট ও শুল্ক অব্যাহতি কমানো বা প্রত্যাহার করা হলে পণ্য আমদানিতেও আগের চেয়ে বেশি ব্যয় হবে। শিল্পের উৎপাদন খরচ বাড়বে। ডলারসংকটের কারণে এরই মধ্যে দেশের ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তারা বিপদে আছেন। এমন পরিস্থিতিতে বাজেটে রাজস্ব আরও বাড়ানো হলে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পক্ষে টিকে থাকা কঠিন হবে।
আগামী অর্থবছরের বাজেটে দেশের ব্যবসায়ীরা কী চান, তা এফবিসিসিআই থেকে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে জানানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন সংস্থা থেকেও জানানো হয়েছে। ইতোমধ্যে ব্যবসায়ীরা আগামী অর্থবছরের বাজেটে কর, ভ্যাট ও শুল্ক বাড়ানোর বিপক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন বেশ জোরালোভাবেই। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করে রাজস্ব ছাড় সুবিধা বহাল রাখার অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে বাজেটে শিল্প খাতে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, কর, ভ্যাট ও শুল্ক খাতে রাজস্ব ছাড় কমানো হলেও অন্য কোনোভাবে যেন শিল্প রক্ষায় সুবিধা বহাল রাখা হয়।
এনবিআর প্রধানমন্ত্রীর নির্দেশনা সামনে রেখে এখন বাজেট চূড়ান্তের শেষ পর্যায়ে রয়েছে। আসন্ন বাজেট নিয়ে আইএমএফের সঙ্গে এনবিআরের কয়েক দফা বৈঠক হয়েছে। আইএমএফ থেকে কর, ভ্যাট ও শুল্ক অব্যাহতি কমিয়ে রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আইএমএফ এনবিআরকে জানিয়েছে, দেশে আমদানি পণ্যের ৪৪ শতাংশের ওপর শুল্ককর আরোপ নেই। এ ছাড়া কিছু সরকারি প্রকল্পের পণ্য আমদানিতে শুল্ককর অব্যাহতি দেওয়া হয়েছে। আবার কূটনৈতিক এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থার গাড়িসহ বিভিন্ন পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা আছে। এনবিআর থেকে এরই মধ্যে এসব খাতে রাজস্ব সুবিধা কমিয়ে বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মো. মির্জ্জা আজিজুল ইসলাম খবরের কাগজকে বলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার অন্যতম শর্ত ছিল রাজস্ব আদায় বৃদ্ধি। সরকার এ শর্ত মেনে নেওয়ার অঙ্গীকার করে। এখন কর, ভ্যাট ও শুল্ক অব্যাহতি কমাতে হবে। আর এতে শিল্পে উৎপাদন খরচ বেড়ে যাবে। অনেক শিল্প লোকসানে পড়ার ঝুঁকিতে আছে।
দেশের শিল্প খাতকে রক্ষার জন্য এ খাতের ঝুঁকি মোকাবিলায় সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, অর্থনীতিবিদদের পরামর্শ কাজে লাগাতে হবে। চাহিদামতো এলসি খোলার সুযোগ সৃষ্টি করতে হবে। ডলারসংকট কমিয়ে আনতে হবে। বাজেটে শিল্প খাতে কর, ভ্যাট ও শুল্ক ব্যবসাবান্ধব করতে হবে।