সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। রবিবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে প্রেস ব্রিফিং করে ফলাফল ঘোষো করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল।
ঘোষিত ফলাফল অনুযায়ী এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। তবে এবার সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। এবছর সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৯৯ জন। সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬ জন। এর মধ্যে ২৩ হাজার ৯১৬ জন ছেলে ও ৩৫ হাজার ৬২০ জন মেয়ে। এবার জিপিএ-৫ পেয়েছে ১৬৯৯ জন। এর মধ্যে ৮১৯ জন ছেলে ও মেয়ে ৮৮০ জন।
গত বছরের তুলনায় এবার সিলেটে পাসের হার কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৮২ টি। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৮১ জন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার মানবিক বিভাগ থেকে পাশ করেছে ৪০ হাজার ৬৪৮ জন শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ১০ হাজার ৫৬১ জন শিক্ষার্থী ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাশ করেছে ৮ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।
গত বছর এইচএসসিতে সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার ৪৯১ জন। পাস করেছিল ৫৪ হাজার ১৪২ জন। পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। এর আগের বছর ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ।
ফলাফল সম্পর্কে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল খবরের কাগজকে বলেন, সারা দেশেই এসএসসির চেয়ে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী কম থাকে। এর কারণ হচ্ছে পারিবারিক অস্বচ্ছলতার জন্য অনেক শিক্ষার্থী এসএসসির পর কাজে ডুকে যায়। অনেক শিক্ষার্থী বিদেশ চলে যায়। তাই এইচএসসিতে শিক্ষার্থী তুলনামূলক কম থাকে। সিলেট অঞ্চলে শিক্ষার মান বাড়াতে হলে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থী বাড়াতে হবে। এর জন্য স্কুল থেকে কাজ শুরু করতে হবে এবং ক্লাসে শিক্ষকদের আন্তরিক হতে হবে।
এদিকে এবার ফলাফল ঘোষণার পর সিলেটের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্ছ্বাস ছিল না। ঘরে বসেই ফলাফল জেনে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাওয়া যায়নি। শিক্ষক ও অভিভাবকেরা জানিয়েছেন, রাজনৈতিক অবরোধ কর্মসূচির কারণে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী হতে দেখা যায়নি।
শাকিলা ববি/এআর