নির্মাতা রানা মাসুদ। অসংখ্য বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন তিনি। বিজ্ঞাপনের পাশাপাশি এবার সিনেমা নির্মাণ করেছেন এই পরিচালক। তবে পূর্ণদৈর্ঘ্য নয়, তিনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য দুটি সিনেমা। একটির নাম ‘নিবাস’, আরেকটি হচ্ছে-‘আতর’। দুটি সিনেমাই দেশ এবং দেশের বাইরে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে ইতোমধ্যেই।
এবার ওমান ফিল্ম সোসাইটি আয়োজিত ওমান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমন্ত্রণ পেয়েছে ‘নিবাস’ সিনেমাটি। ওমানে গতকাল শুরু হয়েছে উৎসবটি। এটি চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রদর্শিত হবে ‘নিবাস’ এবং ‘আতর’ সিনেমা দুটি। বিষয়টি নিশ্চিত করেছেন রানা মাসুদ নিজেই।
সন্তোস রায়ের গল্পে নিবাস সিনেমায় অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। আর ‘আতর’ সিনেমায় অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মুনিরা ইউসুফ মেমী, রেজওয়ান পারভেজ ও রূপকথা। এর গল্প ও ডায়ালগ লিখেছেন ফারজানা রহমান ও কৃপা নাহার।
এ সম্পর্কে রানা মাসুদ বলেন, ‘নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আমার সিনেমা দুটি প্রদর্শনের জন্য আমি বর্তমানে আমেরিকা অবস্থান করছি। সিনেমাটি সবাই দেখবে এ জন্য আনন্দ লাগছে। এ ছাড়া ওমান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ এ আমার ‘নিবাস’ সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে। এর আগেও বিভিন্ন উৎসবে আমার সিনেমা দুটি প্রদর্শিত হয়েছে। দেশের বাইরে আমাদের সিনেমা ছড়িয়ে যাচ্ছে এটা ভাবতেই ভালো লাগছে। এসব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে।’
জাহ্নবী